জেন ল্যাবের আন্তধর্ম সম্প্রীতিবিষয়ক পলিসি ক্যাফে অনুষ্ঠিত

বাংলাদেশ ‘পিস ও হারমনি উইক ২০১৯’-এর অংশ হিসেবে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আন্তধর্ম সম্প্রীতি এবং সহাবস্থানের ভূমিকা নিয়ে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে পলিসি ক্যাফে।
সমাজে আন্তধর্ম সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও আন্তরিকতা বিকাশে তরুণদের অংশগ্রহণ ও রাষ্ট্রীয় ভূমিকা নিয়ে গোলটেবিল বৈঠক হয় ঢাকার ডেইলি স্টার ভবনে। সামাজিক গবেষণা ও দক্ষতা বিকাশের সংগঠন জেন ল্যাব এ পলিসি ক্যাফের আয়োজন করে।
আন্তধর্ম সম্প্রীতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এমন বিশেষজ্ঞদের সঙ্গে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশ নেন গোলটেবিল বৈঠকে। বিভিন্ন শ্রেণি-পেশার ২০ জন বিশেষজ্ঞ ও বক্তা বক্তব্য দেন গোলটেবিল আলোচনায়।
গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্যে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম-২ আসনের সাংসদ সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী বলেন, ‘আন্তধর্ম সম্প্রীতি বিকাশের জন্য আমাদের মুক্ত আলোচনা বাড়ানো জরুরি। আমাদের সমাজে সম্প্রীতি বিকাশের মতো বিভিন্ন বিষয় নিয়ে তরুণ প্রজন্ম যেভাবে কাজ করছে, তাদের কাজে আরও বেশি উৎসাহ দেওয়া উচিত। আমাদের পাঠ্যক্রম এবং সামাজিক সংগঠনগুলোকে শক্তিশালী করা জরুরি।’
কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর রোজালে লাপ্ল্যান্টে বলেন, ‘বাংলাদেশের সম্প্রীতি থেকে অন্য দেশের শেখার অনেক কিছু আছে। আমরা আরও গভীর সামাজিক সম্পর্ক নিয়ে জানতে চাই।’
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত জানান, ‘আমাদের সামাজিক মূল্যবোধের গভীরতা অনেক বেশি। আমাদের অনেক সমস্যা আছে, কিন্তু আমাদের সব বাধা ও প্রতিকূলতা দূর করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। টেকসই উন্নয়নে মানবাধিকারের গুরুত্ব বেশি বলেই সম্প্রীতি নিয়ে ভাবতে হবে অনেক বেশি।’
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মানবাধিকার বিশেষজ্ঞ অড্রে অ্যাসেইস বলেন, বাংলাদেশ ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে। তারুণ্যই বাংলাদেশের বড় শক্তি। তরুণদের আরও বেশি সামাজিক সম্পর্ক গঠনে ভূমিকা রাখা প্রয়োজন।

সুফি চিত্রশিল্পী আইরিন খান বলেন, মানুষের বিশ্বাসকে আরও গভীর করার জন্য সামাজিকভাবে মুক্ত আলোচনা বিশেষভাবে বাড়ানো প্রয়োজন। সবাইকে অন্যের বিশ্বাস সম্পর্কে জানা প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রিয়াঙ্কা বোস কান্তা বলেন, ‘আমাদের তরুণদের আরও বেশি মাত্রায় সহনশীলতা ও অন্যকে জানার আগ্রহ থাকা জরুরি।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরীন আতাউর খান বলেন, ‘আমাদের তরুণদের কথা বলতে হবে, প্রশ্ন করার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হতে হবে।’
পলিসি ক্যাফে নিয়ে জেন ল্যাবের প্রধান রাতুল দেব বলেন, ‘আমরা উন্নয়নের অনেক সূচকে সামনে এগিয়ে যাচ্ছি। সম্প্রীতি বাংলাদেশের উন্নয়নের বড় শক্তি। সামনের দশকের জন্য বাংলাদেশকে আরও গতিশীল করে তুলতে ধর্মভিত্তিক যেসব সামাজিক সংকট আছে, তা দ্রুত সচেতনভাবে জানতে-বুঝতেই পলিসি ক্যাফে। আগামী দিনগুলোতে নাগরিক সমাজের ভাবনাকে সরকার ও প্রশাসনে যুক্ত করতেই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে আন্তধর্ম সম্প্রীতি এবং সহাবস্থানের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তায়েব বাশার, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, নর্দান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. কাজী শাহাদাত কবির, চেঞ্জ মেকার্সের প্রেসিডেন্ট তানবীর সিদ্দিকী, ইউএন হ্যাবিট্যাটের পরামর্শক এস এম সৈকত, ইউএনডিপির ফয়সাল বিন মজিদ ও সিদ্ধার্থ গোস্বামী, ইউএনওয়াইএসএবির প্রেসিডেন্ট শ্যামি ওয়াদুদ, জেসিআই প্রধান ইমরান কাদির, সামাজিক গবেষক জাহিদ হোসাইন খান।
