জেনারেটর আছে, তেলের অভাবে চলে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার ৩১ শয্যার হাসপাতালে একটি জেনারেটর আছে। তা চালানোর জন্য আছেন একজন জুনিয়র মেকানিক। তিনি প্রতি মাসে বেতনও তুলছেন। কিন্তু তারপরও রাতে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালটি ডুবে যায় ঘুটঘুটে অন্ধকারে। সরকারিভাবে তেলের বরাদ্দ না পাওয়ায় জেনারেটর থাকলেও কোনো কাজে আসছে না।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চার বছর ধরে জেনারেটরের জন্য তেলের বরাদ্দ পাওয়া যায়নি। এ অবস্থায় রোগী, নার্স ও চিকিৎসকদের সমস্যার কথা ভেবে সাবেক আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ফরিদুল ইসলাম নিজের খরচে তেল কিনে জেনারেটরটি চালানোর ব্যবস্থা করেন। কিন্তু গত ৫ জানুয়ারি তিনি অন্যত্র বদলি হয়ে যাওয়ায় তেলের অভাবে জেনারেটরটিও আর চালানো সম্ভব হচ্ছে না। ফরিদুল ইসলাম চলে যাওয়ার পর আরও দুজন আরএমও দায়িত্ব পালন করেন। তবে তাঁরা ব্যক্তিগত সমস্যা দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। গত ১ জুলাই থেকে আরএমও হিসাবে তৌফিক আহমেদ দায়িত্ব পালন করছেন।
৯ আগস্ট উপজেলার রামনাথপুর ইউনিয়নের মিরাপাড়া গ্রামের দুলাল মিয়া (৮) খেলতে গিয়ে মাথায় আঘাত পায়। রাত ১১টার দিকে তার মা দুলালী বেগম দ্রুত তাকে হাসপাতালে আসেন। এ সময় হাসপাতালে বিদ্যুৎ ছিল না। মুঠোফোনের আলোয় জরুরি বিভাগে দুলালের আঘাত পাওয়া স্থানে সেলাই দেন হাসপাতালের আয়া মতিমণি রানী।
দুলালী বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাই, এত বড় হাসপাতালোত আলোর ব্যবস্থা নাই। এইটা কীসের হাসপাতাল?’
আয়া মতিমণি বলেন, ‘আমি নিচতলায় একাই থাকি। বিদ্যুৎ চলে গেলে ঘুটঘুটে অন্ধকারে নিরাপত্তাহীনতায় ভুগি।’
মহিলা ওয়ার্ডে ভর্তি একজন রোগীর সঙ্গে থাকা স্বজন রহমতপুর গ্রামের মরজিনা বেগম (৩৫) বলেন, ‘সারা রাইত এইখানে (মহিলা ওয়ার্ডে) পুরুষ লোক যাওয়া-আসা করে। কোনো নিরাপত্তা নাই। হঠাৎ রাইতোত কারেণ চলি গেইলে আন্দারোত (অন্ধকারে) সবায় চিল্লাচিল্লি শুরু করে।’
সেবিকা দেলওয়ারা বেগম ও সাজেদা বেগম বলেন, ‘৩১ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন গড়ে এখানে রোগী থাকেন ৭৫ জন। বিদ্যুৎ চলে গেলে ওয়ার্ডের রোগীরা যেমন আতঙ্কিত অবস্থায় থাকেন, তেমনি আমরাও। পাশাপাশি ওই সময় রোগী আসলে দুর্ভোগের সীমা থাকে না। জেনারেটরটি চালু করার জন্য অনেকবার আরএমও স্যারকে জানানো হয়েছে, কাজ হয়নি।’
সেবিকা সাজেদা বেগম বলেন, সম্প্রতি রাতে হাসপাতালে ভর্তি গর্ভবতী এক নারীর প্রসব বেদনা ওঠে। সে সময় বিদ্যুৎ ছিল না। সেই নারী অন্ধকারেই সন্তান প্রসব করেন।
সহকারী শল্য চিকিৎসক (সার্জন) আয়েশা সিদ্দিকা বলেন, ‘প্রতি সপ্তাহে রাতে জরুরি বিভাগে দায়িত্ব পালন করি। কিন্তু এখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। বিদ্যুৎ চলে লেগে খুব টেনশনে থাকি। বাধ্য হয়ে অনেক সময় জরুরি বিভাগ ছেড়ে কোয়ার্টারে চলে যাই।’
এ ব্যাপারে আরএমও তৌফিক আহম্মেদ বলেন, ‘আমি সম্প্রতি আরএমওর দায়িত্ব নিয়েছি। এখানে জেনারেটরের কী অবস্থা তা আমার জানা নেই।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার বলেন, ‘জেনারেটরটি ভালো আছে। তা চালানোর জন্য একজন জুনিয়র মেকানিকও আছেন। কিন্তু সরকারিভাবে তেল বরাদ্দ না থাকায় তা চালানো সম্ভব হচ্ছে না।’