জেনারেটর থেকেও নেই
দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটরটি থেকেও নেই। তেলের বরাদ্দ না থাকায় গত আড়াই বছর ধরে জেনারেটরটি পড়ে রয়েছে। আর বিদ্যুৎ চলে গেলে ঘুটঘুটে অন্ধকারে ভয় আর ভোগান্তির মধ্যে থাকতে হয় রোগী, তাদের সঙ্গের লোকজন আর চিকিৎসক ও কর্মচারীদের।
সরেজমিনে গত বুধবার দেখা গেছে, রাত আটটার দিকে বিদ্যুৎ না থাকায় চারদিকে ঘুটঘুটে অন্ধকার। চিকিৎসকেরা চার্জার বাতিসহ মুঠোফোনের আলোতে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। পুরুষ বা মহিলা ওয়ার্ডে কোনো আলোর ব্যবস্থা নেই। প্রচণ্ড গরমে রোগী ও তাদের সঙ্গের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সের বরান্দায় এসে শুয়ে-বসে আছেন।
উপজেলার কুরশাখালী গুচ্ছগ্রামের রোগী শুকতারা বেগম ও ভবানীপুরের আবু সাঈদ অভিযোগ করেন, বিদ্যুৎ চলে গেলে গরম আর অন্ধকারে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। ভয়ও করে। একটু বাতাসের আশায় রোগীরা বারান্দায় বসে থাকে বিদ্যুৎ না আসা পর্যন্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, বিদ্যুৎ না থাকায় রাতে রোগীদের যেমন সমস্যা হচ্ছে, চিকিৎসকদেরও একই অবস্থা। অন্ধকারে কোনো রোগীর অবস্থা খারাপ হলে তখন কিছুই করার থাকে না।
ভান্ডার রক্ষক মামনুর রশিদ জানান, ২০১১ সালের ২২ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেনারেটরটি সরবরাহ করা হয়। কিন্তু তেলের বরাদ্দ না থাকায় আজ পর্যন্ত তা চালু করা হয়নি।
স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক পরিতোষ চন্দ্র দাস গুপ্ত জানান, জেনারেটরটি ৫০ শয্যার জন্য দেওয়া হয়েছে। কিন্তু এখানে ৩০ শয্যার কার্যক্রম চলায় তেলের বরাদ্দ পাওয়া যাচ্ছে না। জেনারেটরটিও চালু করা যাচ্ছে না। ৫০ শয্যার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেলেই এর কার্যক্রম শুরু হবে।