জেনারেটর প্যাকেটবন্দী ছয় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ হওয়া জেনারেটরটি ছয় বছর ধরে হাসপাতালের ভান্ডারকক্ষে প্যাকেটবন্দী অবস্থায় পড়ে আছে।
ওই জেনারেটরটি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহারের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে ২০০৮ সালে দেওয়া হয়েছিল। জেনারেটরটি প্যাকেটবন্দী থাকায় লোডশেডিংয়ের সময় হাসপাতালের রোগী ও আবাসিক ভবনে থাকা চিকিৎসক-কর্মচারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক রেজাউল ইসলাম বলেন, ‘২০০৮ সালের ৫ জুলাই ৫০ কেভির ওই জেনারেটরটি হাসপাতালের জন্য বরাদ্দ দেওয়া হয়। কোথাও স্থাপিত না হওয়ায় এটি আমার হেফাজতে ছয় বছর ধরে প্যাকেটবন্দী অবস্থায় পড়ে আছে। এ ছাড়া ওই জেনারেটর চালানোর জনবলও হাসপাতালে নিয়োগ দেওয়া হয়নি।’
গত শনিবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সুরাইয়া আক্তার নামের এক রোগীর স্বজন বলেন, ‘গত শুক্রবার রাতে বেশির ভাগ সময়ই বিদ্যুৎ ছিল না। প্রচণ্ড গরমে নবজাতক ও তাঁর মায়ের অনেক কষ্ট হয়েছে। জেনারেটর থাকলে হয়তো এত কষ্ট হতো না।’
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, লোডশেডিংয়ের সময় হাসপাতালের রোগী ও আবাসিক ভবনে থাকা ডাক্তার ও কর্মচারীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। অথচ জেনারেটর আছে কিন্তু তা সচল নেই। তিনি প্রশ্ন করেন, প্রয়োজনে কাজে না লাগলে জেনারেটর থেকে লাভ কী?
হাসপাতালের আবাসিক ভবনে থাকা একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকলে পানিও থাকে না। জেনারেটর থাকার পরও নেই, এটা খুবই কষ্টের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডি আই রেজাউল করিম বলেন, ‘এত দিন ধরে কেন জেনারেটরটি প্যাকেটবন্দী তা আমার জানা নেই। আমি মাত্র কয়েক দিন আগে এই হাসপাতালে যোগ দিয়েছি। ওই জেনারেটরটি স্থাপন করার জন্য সিভিল সার্জন কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখব। এরপর জনবল নিয়োগ করার জন্যও লিখব।’