জেনারেটর প্যাকেটবন্দী ৯ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেটরটি গুদামঘরে এভাবেই পড়ে আছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
জেনারেটরটি গুদামঘরে এভাবেই পড়ে আছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়া জেনারেটরটি নয় বছর ধরে প্যাকেটবন্দী অবস্থায় পড়ে আছে। অপরাটের নিয়োগ না করায় এবং জ্বালানি খরচ না দেওয়ার কারণে জেনারেটরটি চালু করা যায়নি। এতে লোডশেডিংয়ের সময় ৫০ শয্যার এ হাসপাতালের রোগী ও আবাসিক ভবনে থাকা চিকিৎসক-কর্মচারীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক রেজাউল ইসলাম বলেন, ‘২০০৮ সালের ৫ জুলাই ৫০ কেভির ওই জেনারেটরটি হাসপাতালের জন্য বরাদ্দ আসে। কিন্তু এটি চালানোর জন্য জনবল নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে এটি আমার হেফাজতে নয় বছর ধরে প্যাকেটবন্দী অবস্থায় পড়ে আছে।’

গত বৃহস্পতিবার সুরাইয়া আক্তার নামের এক রোগীর স্বজন বলেন, ‘গত বুধবার রাতে ঘণ্টাখানেক বিদ্যুৎ ছিল না। প্রচণ্ড গরমে নবজাতক ও তাঁর মায়ের অনেক কষ্ট হয়েছে। জেনারেটর থাকলে হয়তো এত কষ্ট হতো না।’

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হোসাইন প্রথম আলোকেবলেন, ‘লোডশেডিংয়ের সময় হাসপাতালের রোগী ও আবাসিক ভবনে থাকা ডাক্তার ও কর্মচারীদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। একটা জেনারেটর থাকলেও তা চালাতে ঘণ্টায় ১২ হাজার টাকার জ্বালানি লাগে। একজন অপারেটর (চালক) লাগে। জেনারেটরের জন্য কোনো বাড়তি খরচ সরকার থেকে দেওয়া হয় না। ফলে নয় বছর ধরে জেনারেটরটি হাসপাতালে পড়ে আছে।’

হাসপাতালের আবাসিক ভবনে থাকা একাধিক কর্মকর্তা ও কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক সময় বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ না থাকলে পানিও থাকে না। জেনারেটর থাকার পরও নেই, এটা খুবই কষ্টের।

এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা রাফেউল করিম খান বলেন, ‘৯ বছরে জেনারেটরটি স্থাপনের (ইনস্টল) জন্য স্বাস্থ্য বিভাগের কোনো প্রকৌশলীও আসেননি। এ ছাড়া কোনো অপরাটেরও নিয়োগ দেওয়া হয়নি।’