জেনারেটর বিকল, লোডশেডিংয়ে রোগীরা আরও অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিকল জেনারেটরটি টাকার অভাবে চালু করা যাচ্ছে না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ওয়ার্ডে চিকিৎসা নেওয়া রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে বিকল পড়ে থাকা জেনারেটরটি টাকার অভাবে চালু করা যাচ্ছে না। বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। গত বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে গরমে রোগীরা ছটফট করছে। কিছু রোগীর স্বজনেরা হাতপাখা দিয়ে বাতাস করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষ, জরুরি বিভাগ এবং ওয়ার্ডের কর্তব্যরত নার্স ও চিকিৎসকের কক্ষে আইপিএসে বাতি জ্বলছে ও বৈদ্যুতিক পাখা ঘুরছে। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত উপজেলার আঁশগ্রামের আবদুল জলিল (৭৫) জানান, বিদ্যুৎ চলে গেলে গরমে ওয়ার্ডে থাকা যায় না। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় মরে যাচ্ছি। তখন ওয়ার্ডের বাইরে গিয়ে বসে থাকতে হয়। রোগীর স্বজন শাহনাজ পারভীন জানান, তাঁর রোগী ওয়ার্ডে প্রচণ্ড গরমে আরও অসুস্থ হয়ে পড়েছে। রোগী দেখতে এসে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন। ওয়ার্ডে দায়িত্বরত সেবিকাদের মধ্যে শেফালী খাতুন জানান, বিদ্যুৎ চলে গেলে ওয়ার্ডে বিকল্প ব্যবস্থায় আলো জ্বালানো এবং বৈদ্যুতিক পাখা চালানোর কোনো ব্যবস্থা নেই। ওয়ার্ডে চিকিৎসা নেওয়া বয়স্ক রোগীরা প্রচণ্ড গরমে আরও অসুস্থ হয়ে পড়ছে। গরমের কারণে বিশেষ করে বৃদ্ধ ও শিশু রোগীরা প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে। অনেক সময় রাতে মোমবাতি বা টর্চের আলোয় রোগীর শরীরে ইনজেকশন দিতে হয়। এসব সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে আজও এর কোনো সুরাহা হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম আম্বিয়া জানান, প্রচণ্ড গরমের কারণে ওয়ার্ডের রোগীরা নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। ওয়ার্ডের শ্বাসকষ্টজনিত রোগীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) স্থানীয় কার্যালয়ের সহকারী প্রকৌশলী আবদুল খালেক জানান, শেরপুরে বিদ্যুতের চাহিদা দৈনিক সাত থেকে নয় মেগাওয়াট; সরবরাহ পাওয়া যায় তিন থেকে পাঁচ মেগাওয়াট। এ কারণে এলাকাভিত্তিক লোডশেডিং করতে হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক সুলতান বলেন, বিদ্যুৎ চলে গেলে রোগীদের কষ্ট লাঘবে বিন্দুমাত্র সুবিধা নেই। বিকল হয়ে পড়ে থাকা জেনারেটর চালু করার প্রয়োজনীয়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে বক্তব্য জানতে বগুড়ার সিভিল সার্জন খলিলুর রহমানের মুঠোফোনে গতকাল শুক্রবার বিকেলে কল করলে তা বন্ধ পাওয়া যায়। ডেপুটি সিভিল সার্জন মোস্তফা সাদিক খান জানান, জেনারেটর বিকল থাকার বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ না পাওয়ায় জেনারেটরটি চালু করা যাচ্ছে না।