জেনারেটর বিকল, গরমে রোগীদের হাঁসফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লোডশেডিংয়ের সমস্যা থেকে রেহাই পেতে বসানো হয়েছিল জেনারেটর। দেড় বছর ধরে সেটি অকেজো হয়ে পড়ে আছে। এই সময়ে লোডশেডিং হলেই চিকিৎসা নিতে আসা রোগীরা অসহ্য গরমে হাঁসফাঁস করছেন। আরও অসুস্থ হয়ে পড়ছেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, প্রায় ১৯ বছর আগে জেনারেটরটি স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হয়। তখন থেকেই এটি ঠিকমতো ব্যবহার করা যায়নি। কখনো এটা বিকল থাকত, কখনো বা টাকার অভাবে তেল কেনা যায়নি। তবে মাঝেমধ্যে জেনারেটরটি তেল কিনে বা মেরামত করে চালানো হলেও কয়েক দিন পর তা আবার বিকল হয়ে পড়ে। সর্বশেষ প্রায় দেড় বছর হলো জেনারেটরটি একেবারে বিকল হয়ে পড়ে আছে।
গত বৃহস্পতিবার দুপুরে লোডশেডিংয়ের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, গরমে রোগীরা ছটফট করছেন। বিছানায় এপাশ-ওপাশ করছেন কেউ কেউ। রোগীর মাথার কাছে বসে থাকা স্বজনেরা হাতপাথা দিয়ে বাতাস করছেন। তাঁরাও ঘেমে অস্থির।
উপজেলার সেকেন্দ্রাবাদ গ্রামের চিকিৎসা নিতে আসা আবুল হাশেম (৫৫) বলেন, ‘গরমে ঘেমে গেলে আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। হাসপাতালে প্রচণ্ড গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে।’
নারায়ণপুর গ্রামের রোগী বাচ্চু মিয়া (৩২) বলেন, ‘এমনিতেই প্রচণ্ড গরম। তার ওপর এই লোডশেডিং। এক কথায় হাঁফিয়ে উঠেছি। এখন মনে হচ্ছে, হাসপাতালে আসার আগেই ভালো ছিলাম।’ আরেক রোগী ভুরঘাটা গ্রামের এনামুল হক (৩৮) বলেন, সবচেয়ে বেশি সমস্যা হয় রাতে বিদ্যুৎ চলে গেলে। একদিকে অন্ধকার, অন্যদিকে গরম—এই দুই সমস্যার কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুছা আল মুনছুর বলেন, ১৯ বছরের পুরোনো জেনারেটর এখন আর কোনোভাবেই চালানো সম্ভব নয়। অবিলম্বে নতুন জেনারেটর প্রয়োজন। বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে।