জেনারেটর বিকল, গ্রাহকদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চারটি জেনারেটরের মধ্যে দুটি দীর্ঘদিন ধরে বিকল। অন্যদিকে সচল থাকা দুটি জেনারেটরেরও উৎপাদনক্ষমতা কমে গেছে। এতে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় একাধিক বিদ্যুৎগ্রাহক বলেন, হাতিয়া বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে শুধু পৌরসভার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের সংখ্যা ২ হাজার ৫৫ জন। বিদ্যুৎকেন্দ্র থেকে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বেলা ৩টা থেকে রাত ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করার কথা।

ওছখালী এলাকার বাসিন্দা আবুল বাশার প্রথম আলোকে জানান, বর্তমানে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে নামমাত্র।

বিউবোর হাতিয়া কার্যালয় সূত্র জানায়, হাতিয়া উপজেলা সদরের ওছখালী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার জন্য স্থানীয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পুরোনো চারটি জেনারেটর আছে। প্রতিটি জেনারেটর ৪০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতাসম্পন্ন। তবে কোনোটিই এখন ১৫০-২০০ কিলোওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। সচল দুটি জেনারেটর দিয়ে প্রতিদিন গড়ে ২৫০-২৬০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এই বিদ্যুৎ দিয়ে চাহিদার এক-চতুর্থাংশও মেটানো সম্ভব হয় না।

বিউবোর হাতিয়া কার্যালয়ের আবাসিক প্রকৌশলী নূরুল হুদা বলেন,সচল জেনারেটর দুটিও অনেক পুরোনো। একটি দিয়ে ১২০ কিলোওয়াট, অন্যটি দিয়ে ১৩০-১৪০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

বিউবোর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাইদুল ইসলাম বলেন, হাতিয়ার বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য ৭ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার হাইব্রিড প্রকল্প (সোলার, ডিজেল ও বায়ু ব্যবহার করে
বিদ্যুৎ উৎপাদন) হাতে নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে প্রকল্পটির কাজ শুরু হতে পারে। সেটির কাজ শেষ হলে বিদ্যুৎ সমস্যা কেটে যাবে।