জেনারেটর বিকল হওয়ায় নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
পানি সরবরাহ পুরোপুরি বন্ধ থাকায় রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের বাসিন্দারাও দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল কাদির প্রথম আলোকে বলেন, ২৫ আগস্ট স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র জেনারেটরটি বিকল হয়ে যায়। পরদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিতভাবে ও মুঠোফোনে জানানো হয়।
আবদুল কাদির জানান, জেনারেটরের অকেজো যন্ত্রাংশ খুলে ঢাকায় পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনারেটরের ‘চেক লিস্ট’ চেয়ে চিঠি দিয়েছে। তাও পাঠানো হয়েছে। কিন্তু এখনো জেনারেটরটি চালু করা হয়নি।
কবে নাগাদ পানি সরবরাহ চালু হবে—এই প্রশ্নের জবাবে স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদির বলেন, ‘এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।’
প্রসঙ্গত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ পাঁচ ঘণ্টা পিডিবির বিদ্যুৎ সরবরাহ করা হয়। লো-ভোল্টেজের কারণে এই বিদ্যুতের সাহায্যে পানি সরবরাহ করা সম্ভব হয় না। স্বাস্থ্য কমপ্লেক্সের ১৫ বছরের পুরোনো জেনারেটরের সাহায্যেই এতদিন স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ ও পানি সরবরাহের কাজ চলছিল।
হাসপাতাল সূত্র জানায়, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী মাত্র একজন। তাঁর পক্ষে বালতির সাহায্যে পুরো হাসপাতালে পানি সরবরাহ করা খুবই কষ্টকর। কিন্তু তাঁকে এ কাজ করতে হচ্ছে।