জেনারেটর বিকল, ভাপসা গরমে হাঁসফাঁস রোগীদের
বিদ্যুৎ নেই, গরমে বিছানায় এপাশ-ওপাশ করছেন রোগীরা। কোনো রোগীর মাথার কাছে বসে থাকা পরিজনেরা হাতপাখা দিয়ে বাতাস করছেন। তাঁরাও ঘেমে অস্থির। ভাদ্রের এই ভাপসা গরমে বিদ্যুৎ চলে গেলেই নাজেহাল হচ্ছেন রোগী ও তাঁদের সঙ্গে আসা আত্মীয়স্বজনেরা।
গত রোববার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এ দৃশ্য দেখা যায়। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সে সব সময় বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার জন্য একটি উন্নতমানের জেনারেটর দেওয়া হয়েছে। কিন্তু তা দীর্ঘদিন ধরে বিকল। ফলে গরমের সময় বিদ্যুৎ চলে গেলে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, ‘এমনিতেই প্রচণ্ড গরম। তার ওপর দীর্ঘ সময় হচ্ছে বিদ্যুৎ নেই। এক কথায় হাঁপিয়ে উঠেছি। এখন তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচি।’
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রায় চার বছর ধরে জেনারেটরটি একেবারে বিকল হয়ে পড়ে আছে। টাকার অভাবে জেনারেটরটি চালু করা যাচ্ছে না। তবে উপজেলা পরিষদ থেকে উদ্যোগ নিলে এ সমস্যার দ্রুত সমাধান হওয়া সম্ভব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবীর হাসান গতকাল সোমবার বলেন, ‘বিদ্যুৎ না থাকলে রোগীদের সমস্যা হচ্ছে। তবে জেনারেটর সচল করার বিষয়টি কী অবস্থায় আছে তা আমার জানা নেই।’