জেনারেটরই ভরসা
পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে ক্রীড়ামোদি দর্শকেরা নিরবচ্ছিন্নভাবে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে পাচ্ছেন না। কোথাও কোথাও বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনাও ঘটছে। এমন অপ্রীতিকর ঘটনা এড়াতে নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরে জেনারেটরের সাহায্যে খেলা দেখানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে গত শুক্রবার থেকে এ ব্যবস্থা নেয়। এর আগে গত বৃহস্পতিবার পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে লোডশেডিংয়ের কারণে বিকল্প উপায়ে জেনারেটর দিয়ে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চবিদ্যালয় ও পৌরসভা কার্যালয়ের সামনে টিভিতে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখানোর সিদ্ধান্ত হয়। এদিকে উপজেলার সান্দিকোনা বাজারে এরশাদুল হক নামের এক চায়ের দোকানি জেনারেটরের সাহায্যে রঙিন টিভিতে খেলা দেখানোর ব্যবস্থা করেছেন। লোডশেডিং চলাকালে বাজারে আর কোথাও খেলা দেখার সুযোগ না থাকায় দর্শকেরা তাঁর দোকানে ভিড় জমাচ্ছেন। আর দোকানি দর্শকদের কাছ থেকে পাঁচ টাকা করে নিচ্ছেন। দর্শকেরাও এতে আপত্তি করছেন না। বাজার কমিটির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বলেন, ‘টাকা দিয়ে হলেও লোডশেডিংয়ের সময় খেলা দেখার সুযোগ পেয়ে দর্শকেরা খুশি।