জেনারেটরটি আট বছর ধরে বাক্সবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের প্রয়োজনে কোথাও দেওয়া হয়নি কোনো চাহিদাপত্র। তবু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ২০০৭ সালে সরবরাহ করা হয় একটি জেনারেটর। প্রয়োজন না থাকায় জেনারেটরটি আট বছর ধরে হাসপাতালের ভান্ডারে প্যাকেটবন্দী অবস্থায় পড়ে আছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে জেনারেটরটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জন্য বরাদ্দ দেওয়া হয়। সে বছরের ১১ ডিসেম্বর মেসার্স ট্রেডিং ইন্টারন্যাশনাল হাসপাতালে জেনারেটরটি সরবরাহ করে। চাহিদা না থাকায় সেটা হাসপাতালে আর স্থাপন করা হয়নি। সরবরাহের পর থেকেই জেনারেটরটি হাসপাতালের ভান্ডারে প্যাকেটবন্দী অবস্থায় পড়ে আছে। এ ছাড়া জেনারেটরটি সরবরাহের পর ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ছয় দফা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়ে জেনারেটরটি বাক্সবন্দী থাকার তথ্য জানিয়ে তা ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছেন। কিন্তু মন্ত্রণালয় সেটা ফেরতে নিতে কোনো পদক্ষেপ নেয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ‘সরকারের টাকা আত্মসাতের জন্য চাহিদার বাছবিচার না করেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) কর্তৃপক্ষ অনেক সময় যন্ত্রপাতি কিনে থাকে। পরে তা জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে আগে থেকে না জানিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষেরও এসব যন্ত্র গ্রহণ না করে উপায় থাকে না।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন খান বলেন, চাহিদা না থাকলেও একশ্রেণির ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশে স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তারা কোটি কোটি টাকার যন্ত্র কেনার ব্যবস্থা করেন। বিনিময়ে ঠিকাদার থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্তারা কমিশন পান। কর্মকর্তারা ইচ্ছেমতো যন্ত্র ও সরঞ্জাম কেনেন এবং সেগুলো পরে চাপিয়ে দেন জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে। চাহিদা না থাকায় সেখানে সেসব যন্ত্র আর ব্যবহার করা হয় না।
ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের ভান্ডার রক্ষক আল আমিন মো. জাহাঙ্গীর নূর বলেন, ‘২০০৭ সালের শেষ দিকে মেসার্স ট্রেডিং ইন্টারন্যাশনালের এক প্রতিনিধি হাসপাতালে এসে একটি জেনারেটর বুঝে নিতে বলেন। হাসপাতালে একটি জেনারেটর সচল থাকার পরও আরেকটি জেনারেটরের কথা শুনে সে সময় বিভ্রান্তিতে পড়েছিলাম। পরে কাগজপত্র যাচাই করে দেখার পর বিশ্বাস হয়। তৎকালীন সিভিল সার্জনের নির্দেশে জেনারেটরটি বুঝে নিয়ে কাগজপত্রে সই করে দিই।’
ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন অব্যবহৃত থেকে জেনারেটরটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অপ্রয়োজনীয় জেনারেটরটি ফেরত নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে।