নীলফামারীতে ঘন ঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে হিমাগারের মালিকেরা বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাঁরা কয়েক গুণ বেশি ব্যয়ে ডিজেলচালিত জেনারেটর দিয়ে হিমাগার চালু রাখছেন। এতে তাঁরা বিপুল অঙ্কের টাকা লোকসানের আশঙ্কা করছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। আলুর দাম কম থাকায় কৃষকেরা তা সংরক্ষণে হিমাগারগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন। কৃষকদের পাশাপাশি হিমাগারের মালিকেরাও এ অঞ্চলে আলু চাষ করে আসছেন। সূত্র আরও জানায়, নীলফামারীতে সব মিলিয়ে নয়টি হিমাগারের ধারণক্ষমতা সাড়ে ৬৮ হাজার মেট্রিক টন। অথচ আরও দেড় থেকে দুই লাখ মেট্রিক টন আলু রাখার জন্য হিমাগার প্রয়োজন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় ২৩ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। জলঢাকা উপজেলার চিড়াভিজা গোলনা সর্দারপাড়া গ্রামে আলু আবাদকারী একটি হিমাগারের কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, এবার আলুর দাম কম হওয়ায় উৎপাদন খরচও উঠবে না। তিনি জানান, প্রতি একর আবাদে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। আর উৎপাদিত আলু বিক্রি হবে ৩০ থেকে ৩২ হাজার টাকা।জলঢাকা উপজেলার গোলনার একটি হিমাগারের পরিচালক তৌহিদ রফিক চৌধুরী বলেন, ২৪ ঘণ্টায় গড়ে আট ঘণ্টা বিদ্যুৎ পাই না। তাই ডিজেলচালিত জেনারেটরে হিমাগার চালাতে হচ্ছে। এতে প্রায় চার গুণেরও বেশি খরচ পড়ে। ডোমার উপজেলা সদরের একটি হিমাগারের ব্যবস্থাপক আলীউল ইসলাম বলেন, ২৪ ঘণ্টায় তিন ঘণ্টাও বিদ্যুৎ পাই না। হিমাগার চালাতে চার ঘণ্টায় ১০ হাজার টাকার ডিজেল লাগে; যা বিদ্যুতের তুলনায় চার গুণেরও বেশি।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ডোমার কার্যালয়ের আবাসিক প্রকৌশলী নির্মল কুমার রায় বলেন, এ কার্যালয়ের আওতাধীন ডোমার, ডিমলা এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কিছু অংশে বিদ্যুতের প্রয়োজন সাড়ে সাত মেগাওয়াট। এর বিপরীতে সর্বোচ্চ ২ দশমিক ৮ মেগাওয়াট সরবরাহ পাওয়া যাচ্ছে। নীলফামারী পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক এস এম হাবিবুর রহমান বলেন, ‘আমরা ২৪ থেকে ২৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ পাচ্ছি সাড়ে চার থেকে সোয়া ছয় মেগাওয়াট। এ কারণে কিছুটা সমস্যা হচ্ছে।’