জেনারেটরের অভাবে আটকে আছে মিল্ক ভিটা কেন্দ্রটি
খামারিদের দাবির মুখে আড়াই বছর আগে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরালি গ্রামে সরকারিভাবে দুধ সংগ্রহের জন্য মিল্ক ভিটার একটি কেন্দ্র স্থাপন করা হয়। কিন্তু একটি জেনারেটরের অভাবে এখনো এটি চালু করা যায়নি।
সরকারিভাবে দুধ সংগ্রহের ব্যবস্থা না থাকায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রান্তিক খামারিদের কাছ থেকে কম দামে দুধ সংগ্রহ করছে। যে মাত্রার ননি থাকলে মিল্ক ভিটার কেন্দ্রগুলোতে ৩৮ থেকে ৩৯ টাকায় দুধের লিটার কেনা হয়, সেই মাত্রার ননিসমৃদ্ধ দুধ এসব কেন্দ্রে কেনা হয় ২৯ থেকে ৩১ টাকায়। লিটারেই এত টাকার লোকসানে ক্ষুব্ধ, হতাশ খামারিরা।
খামারি ও ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, যশোরের ঝিকরগাছা ও শার্শা গাভির দুধ উৎপাদনের অঞ্চল হিসেবে গড়ে উঠছে। প্রতিদিন গড়ে ১৫ হাজার লিটার দুধ উৎপাদিত হয় দুই উপজেলায়। কিন্তু সরকারিভাবে দুধ সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বেসরকারি কেন্দ্রগুলোতে পানির দরে দুধ বিক্রি করতে বাধ্য হচ্ছেন খামারিরা। তাঁরা জানান, ঝিকরগাছার মিল্ক ভিটার কেন্দ্রে পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আছেন। তাঁরা নিয়মিত বেতন-ভাতা তুলছেন। অথচ কেন্দ্রটি খামারিদের কোনো কাজে আসছে না।
সম্প্রতি ঝিকরগাছায় গিয়ে দেখা যায়, বারবাকপুর গ্রামের প্রায় সব বাড়ির আঙিনায় দু-চারটি গাভি বাঁধা। স্থানীয় ভ্যানচালক আবদুল আজিজ বলেন, ‘এ গ্রামে যার কিছু নেই, তারও অন্তত দুটি গাভি আছে।’
পাশের বোদখানা গ্রামের খামারি আবদুল গফুর জানান, তাঁর খামারে ৪২টি গরু আছে। এর ২৬টি গাভি দুধ দিচ্ছে। প্রতিদিন ১১৫ থেকে ১২০ লিটার দুধ উৎপাদিত হয়। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে দুধ বিক্রি করায় তাঁর বিপুল লোকসান গুনতে হচ্ছে। তিনি বলেন, সরকারিভাবে দুধ সংগ্রহের ব্যবস্থা থাকলে খামারিরা বাঁচতেন।
উপজেলার হাজিরালি গ্রামে মিল্ক ভিটা কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) আবদুল মোমিন কেন্দ্রের বারান্দায় দাঁড়িয়ে আছেন। একজন ছাড়া কর্মচারীদের সবাই ঘোরাঘুরি করছেন।
আবদুল মোমিন জানান, কেন্দ্রের সবকিছুই ঠিকঠাক। শুধু একটা জেনারেটর হলে দুধ সংগ্রহ করা সম্ভব। কেন্দ্রে যাঁরা দুধ সরবরাহ করবেন, তাঁদের নিয়ে সমবায় সমিতি হয়েছে। সমিতির সদস্যসংখ্যা ৬০০। তাঁরা শার্শা ও ঝিকরগাছার ৩০টি গ্রামের।
জানতে চাইলে মিল্ক ভিটার খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক দিবস চন্দ্র ঘোষ বলেন, একটি জেনারেটর হলেই কেন্দ্রটি চালু করা যাবে। এটি এখন ক্রয় কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ঝিকরগাছার প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ চন্দ্র মণ্ডল জানান, খামারিদের আরও উৎসাহী করার জন্য জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের অধীনে এই অঞ্চলে দুগ্ধ সংরক্ষণাগার স্থাপনের জন্য একটা প্রস্তাব পাঠানো আছে। গত ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হয়েছে। আবার শুরু হলে বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ করা হবে।
জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, যশোর জেলায় নিবন্ধিত ২ হাজার ৯১টি ও সমসংখ্যক নিবন্ধনহীন দুগ্ধ খামার রয়েছে। চলতি অর্থবছরে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন দুধ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৫০ হাজার মেট্রিক টন দুধ উৎপাদিত হয়েছে।