জেনারেটরের ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্যালয়ের ভেতরে জেনারেটরের ধোঁয়ায় সৃষ্ট গ্যাসে অসুস্থ হয়ে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রূপালী ব্যাংক রামপুর শাখার কর্মকর্তা মো. মোশারফ হোসেন (৫০) মারা গেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় মোশারফ হোসেনের স্ত্রী সুলতানা রাজিয়া বৃহস্পতিবার গভীর রাতে থানায় অপমৃত্যুর মামলা করেন। গতকাল শুক্রবার চাঁদপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মোশারফের লাশ গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশে দাফন করা হয়েছে।
ব্যাংক থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের মধ্যে মোশারফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর ব্যাংকের ব্যবস্থাপক মো. লুৎফর রহমানসহ অন্যরাও অসুস্থ হয়ে যান। পরে স্থানীয় বাজারের ব্যবসায়ীরা তাঁদের উদ্ধার করে হাজীগঞ্জ বাজারের বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যার দিকে মোশারফ মারা যান।
হাসপাতালের চিকিৎসক নাজমুল হক জানান, খাদ্যের বিষক্রিয়া বা গ্যাসজনিত কারণে তাঁরা অসুস্থ হয়েছেন। অতিমাত্রায় বমি হওয়ার কারণে দুর্বল হয়ে মোশারফ হোসেন মারা গেছেন। এ ছাড়া তিনি আগে হূদেরাগে আক্রান্ত ছিলেন।
ব্যাংকের কর্মচারী আবদুল মান্নান জানান, সারা দিন বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালানো হয়েছে। এ সময় সব দরজা-জানালা বন্ধ ছিল। বিদ্যুৎ আসার পর জেনারেটর বন্ধ করলে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে ব্যাংকের সবাই বমি শুরু করেন।
হাজীগঞ্জ থানার এসআই মো. এরশাদ্দুদৌলা জানান, গ্যাসের কারণে মোশারফ হোসেনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।