জেনারেটরের ধোঁয়ায় ১০ জন অসুস্থ
প্রিমিয়ার ব্যাংকের গাজীপুরের টঙ্গী শাখার জেনারেটরের বিষাক্ত ধোঁয়ায় গতকাল বৃহস্পতিবার এই কার্যালয়ের ব্যবস্থাপকসহ ১০ জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।ব্যাংক কর্তৃপক্ষ সূত্র জানায়, টঙ্গীর আনারকলি রোড এলাকায় কাজী মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত প্রিমিয়ার ব্যাংকের ওই শাখায় বেলা ১১টার দিকে বিদ্যুৎ চলে গেলে ডিজেলচালিত জেনারেটরটি চালু করা হয়। এরপর জেনারেটরটি প্রায় টানা দুই ঘণ্টা চলে। একপর্যায়ে বেলা দেড়টার দিকে ব্যাংকের ভেতরে অবস্থানকারী লোকজন একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকেন।অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্যাংকের ব্যবস্থাপক ইদ্রিস আলী জোয়ারদার, নির্বাহী কর্মকর্তা মো. শাহীন আহমেদ, শাহনাজ আক্তার, নাসির উদ্দিন, রিফাত আক্তারসহ ১০ জন। পরে দ্রুত অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌরভ বিশ্বাস জানান, ব্যাংকের এসি বন্ধ থাকায় এবং ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় জেনারেটরের বিষাক্ত ধোঁয়ায় কক্ষের ভেতরের অক্সিজেনের পরিমাণ কমে যায়। এতে সেখানে অবস্থানকারীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন।