জেনারেটরের শব্দে অতিষ্ঠ রোগী
জেনারেটরের বিকট শব্দে বরগুনা জেনারেল হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। সাত মাস আগে স্বাস্থ্য অধিদপ্তর এই হাসপাতালে উচ্চক্ষমতাসম্পন্ন আধুনিক একটি জেনারেটর সরবরাহ করলেও এটি বসানোর জন্য আলাদা কক্ষ নির্মিত না হওয়ায় তা চালু করা যাচ্ছে না। জানা গেছে, ১০০ শয্যার এ হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে লোডশেডিংয়ের সময় একটি জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু এতে রোগীরা সুবিধার চেয়ে অসুবিধাই বেশি ভোগ করে। জেনারেটর হাসপাতালের দোতলার সিঁড়ির নিচে স্থাপন করায় এটি চালু করলে বিকট শব্দে রোগীরা ত্যক্তবিরক্ত হয়ে পড়েন। একইভাবে হাসপাতালে কর্মরত চিকিৎসক ও অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অতিষ্ঠ। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, ডিজেলচালিত জেনারেটরটি হাসপাতালের সিঁড়ির নিচে বসানো আছে। এর ওপরে দোতলায় রোগীদের বিভিন্ন ওয়ার্ড এবং অস্ত্রোপচার কক্ষ রয়েছে। লোডশেডিংয়ের সময় জেনারেটর চালুমাত্রই কয়েকজন রোগী আঁতকে ওঠেন। কয়েকজন হাত দিয়ে কান চেপে রাখেন।সার্জারি ইউনিটে ভর্তি রোগী পিন্টু সিকদার বলেন, ‘রাতে বা দিনে যখনই জেনারেটরটি চালু করা হয়, তখন ঘুমিয়ে থাকা রোগীরা হঠাৎ ধড়ফড়িয়ে জেগে ওঠে।’ হূদেরাগে আক্রান্ত রোগী রফিক মিয়া বলেন, ‘যতবার জেনারেটর চালু হয়, ততবারই মনে হয়, এর বিকট শব্দে আমার বুকের বাঁ পাশে যেন কেউ হাতুড়ি দিয়ে আঘাত করে; দম বন্ধ হয়ে আসে।’ একইভাবে রোগীরা জানান, তাঁরা সব সময় আতঙ্কে থাকেন, কখন জেনারেটর চালু হয়।হাসপাতালের চিকিৎসক সতীন্দ্রনাথ গাইন বলেন, হাসপাতালের জন্য জেনারেটরটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এটি হাসপাতালের মধ্যে না রেখে দূরে কোথাও সুবিধাজনক স্থানে স্থানান্তর করা উচিত। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মান্নান বলেন, ‘জেনারেটরের বিকট শব্দে আমরাও অতিষ্ঠ। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘ছয়-সাত মাস আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ হাসপাতালে একটি উচ্চক্ষমতাসম্পন্ন আধুনিক জেনারেটর বরাদ্দ দেওয়া হয়েছে। আলাদা কক্ষ নির্মাণ না করায় সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এটি স্থাপন করতে পারছেন না। এ ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো ফল পাইনি।’