জেনারেটরের শব্দে আতঙ্ক নামতে গিয়ে ১০ নারী আহত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর শিল্পাঞ্চলের ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের একটি পোশাক কারখানা থেকে আতঙ্কিত হয়ে নামতে গিয়ে ১০ নারী শ্রমিক আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে জেনারেটরের বিকট শব্দে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। আহতদের স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রমিকেরা জানান, এসডিএল ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় জেনারেটরের বিকট শব্দ হয়। এ সময় আতঙ্কিত হয়ে নামতে গিয়ে মর্জিনা আক্তার, রিনা বেগম, রাহেলা আক্তার, জুমা বেগম, সানজিদা আক্তার, আয়শা খাতুন, পাপিয়া সারোয়ারসহ কমপক্ষে ১০ নারী শ্রমিক পদদলিত হন। ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বিদ্যুৎ চলে যাওয়ার পর জেনারেটর চালু করতে গেলে বিকট শব্দ হয়। শ্রমিকেরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় আহত হয়েছেন। আহত শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর এসডিএল ভবনের সব শ্রমিকের ছুটি ঘোষণা করা হয়।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, পুলিশ আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।