জেনারেল মঞ্জুর হত্যার ৩৩ বছর আজ

মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যার ৩৩ বছর পূর্ণ হচ্ছে আজ৷ ১৯৮১ সালের ১ জুন চট্টগ্রাম সেনানিবাসে সামরিক হেফাজতে মঞ্জুরকে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য জেনারেল মঞ্জুরকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়৷
মঞ্জুর হত্যার ঘটনায় মামলা হলেও গত ১৯ বছরে বিচার শেষ হয়নি৷ সর্বশেষ গত ২৭ ফেব্রুয়ারি রায় ঘোষণা না করে অধিকতর তদন্তের আদেশ দেন আদালত৷ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ এই মামলার প্রধান আসামি৷
অভিযোগপত্র অনুযায়ী, ১৯৮১ সালে তৎকালীন সেনাপ্রধান এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুরকে হত্যা করা হয়৷
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান একদল সেনাসদস্যের হাতে প্রাণ হারান৷ মেজর জেনারেল মঞ্জুর তখন সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি ছিলেন৷ মামলার অভিযোগপত্র অনুযায়ী, মঞ্জুরকে উদ্দেশ্যমূলকভাবে জিয়া হত্যায় জড়িয়ে সামরিক হেফাজতে নিয়ে তড়িঘড়ি হত্যা করা হয়৷
হত্যাকাণ্ডের ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় এই মামলা করেন৷ ওই বছরের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি৷ অভিযোগপত্রভুক্ত বাকি আসামিরা হলেন মেজর জেনারেল (অব.) আবদুল লতিফ, মেজর কাজী এমদাদুল হক, লে. কর্নেল শামসুর রহমান শামস ও লে. কর্নেল মোস্তফা কামাল উদ্দিন৷ ব্রিগেডিয়ার আজিজ ও নায়েক সুবেদার আবদুল মালেক মারা যাওয়ায় অভিযোগপত্রে তাঁদের আসামি করা হয়নি৷
তদন্ত কর্মকর্তা সিআইডির আবদুল কাহার আকন্দ আদালতে বলেছিলেন, অভিযোগপত্রের কোথায় কোথায় ত্রুটি আছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে৷ নিহত মঞ্জুরের পরিবারের সদস্যরা কে কোথায় আছেন, তা শনাক্ত করতে পারেননি উল্লেখ করে আরও তিন মাস সময় নেন তিনি৷
জেনারেল মঞ্জুরের বড় মেয়ে রুবানা মঞ্জুর বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন৷ তিনি সম্প্রতি মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলৎজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর বাবাসহ তাঁর সঙ্গে যাঁদের হত্যা করা হয়েছে এবং যেসব মুক্তিযোদ্ধা, নারী, শিশু দেশের জন্য জীবন দিয়েছিলেন, তাঁদের সবার জন্য মসজিদে মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছেন৷ গতকাল প্রথম আলোর প্রথম পাতায় এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছিল৷
সাক্ষাৎকারে রুবানা মঞ্জুর বলেছেন, ‘আমি চাই না জুনের ১ তারিখে জেনারেল এরশাদের বিরুদ্ধে কোনো রূঢ় স্লোগান দেওয়া হোক। অনেক মানুষ একত্রে ন্যায়বিচার দাবি তুলুন, এটাই আমার প্রত্যাশা। আমাদের চাওয়া হচ্ছে মর্যাদা ও ন্যায়বিচার।...বাংলাদেশের জনগণের কণ্ঠে আবারও ন্যায়বিচারের স্লোগান ধ্বনিত হোক, দেশময় তার প্রতিধ্বনি শোনা যাক।’