জেনারেল মোটরসের প্রথম নারী সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরি বারা
মেরি বারা

যুক্তরাষ্ট্রের খ্যাতনাম মোটার গাড়ি ও গাড়ির অনুষঙ্গ নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস (জিএম)। এই প্রতিষ্ঠানের প্রথম নারী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন মেরি বারা। চলতি বছরের প্রথম মাস থেকে নতুন দায়িত্ব পালন শুরু করেছেন তিনি। এর আগে একই প্রতিষ্ঠানে নির্বাহী ভাইস প্রেসিডেন্টের (গ্লোবাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট, পারচেজিং অ্যান্ড সাপ্লাই চেইন) দায়িত্ব পালন করেছেন। দুই লাখেরও বেশি কর্মী কাজ করেন জিএমে।গত বছর পর্যন্ত বিক্রীত গাড়ির সংখ্যা ৯৭ লাখ ১৪ হাজার ৬৫২টি!

মেরির পুরো নাম মেরি তেরেসা বারা। যুক্তরাষ্ট্রের মিশিগানে ১৯৬১ সালে জন্ম মেরি বারার। তড়িৎ প্রকৌশল বিষয়ে ক্যাটেরিং ইউনিভার্সিটি (সাবেক জেনারেল মোটরস ইনস্টিটিউট) থেকে স্নাতক এবং স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস থেকে ফেলোশিপ পেয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। মাত্র ১৮ বছর বয়সেই জিএমে চাকরি শুরু করেন তিনি। ২০০৮ সালে এ প্রতিষ্ঠানের গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহসভাপতি নির্বাচিত হন। সেই থেকে প্রতিষ্ঠানটির মানবসম্পদসহ গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন মেরি। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক স্বীকৃতি। ২০১২ সালে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর করা প্রভাশালী ১০০ নারীর তালিকায় ৪১তম এবং ২০১৩ সালে ৩৫তম হয়েছেন। মেরি বারার স্বামী টনি বারা পরামর্শক হিসেবে কাজ করছেন। এ দম্পতির দুই সন্তান। নতুন দায়িত্ব পেয়ে আগের চেয়ে আরও বেশি কাজ করার আগ্রহ নিয়েই এগিয়ে যেতে চান তিনি।

নুরুন্নবী চৌধুরী

তথ্যসূত্র: উইকিপিডিয়া, থিংকপ্রোগ্রেস