২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজি-এফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমিকে আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে জেরা শেষ হয়েছে।গতকাল বুধবার জেরা শেষ হওয়ার পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূরউদ্দীন ১৮ ও ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। এ মামলায় গত ৫ নভেম্বর সাদিক হাসান সাক্ষ্য দেন। তাঁকে গতকাল পর্যন্ত ৫০ আসামির পক্ষে জেরা শেষ হয়েছে। অপর দুই আসামি সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকের পক্ষে জেরা বাকি রয়েছে।এ মামলায় কারাগারে আটক লুৎফুজ্জামান বাবর, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ২৬ জনকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা সাত আসামিও হাজির ছিলেন। এ মামলায় তারেক রহমানসহ আসামি হওয়া ১৯ জন পলাতক রয়েছেন।