জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন মিলেছে
চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে।গত রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এ এইচ এম সফিকুজ্জামান অনুমোদনপত্রে সই করেন। পরে তা চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়।অনুমোদনপত্রে বলা হয়, ‘জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত আগের জনবল দিয়ে এবং এসএসআর, পথ্য ও খাদ্যের বরাদ্দসহ অন্যান্য পরিচালন ব্যয় রাজস্ব খাত থেকে প্রাপ্তি সাপেক্ষে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।’অনুমোদন পাওয়ার কথা নিশ্চিত করে সিভিল সার্জন মো. আবু তৈয়ব বলেন, এই অনুমোদন চট্টগ্রামে আরেকটি মেডিকেল কলেজ করার প্রাথমিক ধাপ। কারণ ২৫০ শয্যা ছাড়া কলেজ করা যায় না।জানা গেছে, জেনারেল হাসপাতালে পর্যাপ্ত কক্ষ থাকলেও অনুমোদন ও জনবলের অভাবে তা ২৫০ শয্যায় চালু করা সম্ভব হচ্ছিল না।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের প্রাথমিক কাজ শুরু হয়ে যাবে।