জেনারেল হাসপাতালে ১০ শয্যার বার্ন ইউনিট চালুর ঘোষণা মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত আলকরণ এলাকার জেনারেল হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীরা সুচিকিৎসায় ১০ শয্যার বার্ন ইউনিট চালু করা হবে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। 

চট্টগ্রাম নগরের সব স্বাস্থ্যকেন্দ্রের অবস্থান ও সেবার বিস্তারিত তথ্য নিয়ে মানচিত্র তৈরি করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষেণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। এ-সংক্রান্ত তথ্য উপস্থাপনের জন্য গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবা কেন্দ্রের ম্যাপিং’-এর ফলাফল উপস্থাপন করা হয়। এতে বলা হয়, চট্টগ্রাম নগরে ৬ হাজার ৪৮২টি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে।

এর মধ্যে ৩৭টি হাসপাতাল, ২৫৭টি ক্লিনিক, ১৩৭টি রোগনির্ণয় কেন্দ্র, ১ হাজার ৪৯৪টি চিকিৎসকের চেম্বার, ৭৫৮টি ফার্মেসির সঙ্গে যুক্ত চিকিৎসকের চেম্বার, ২টি ব্লাড ব্যাংক ও ৩ হাজার ১৯৩টি ফার্মেসি।

গতকালের অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, আইসিডিডিআরবির জ্যেষ্ঠ সোশ্যাল সায়েন্টিস্ট অ্যালাইন অ্যাডামস, কর্মকর্তা মেহেদী হাসান, রোমন জাকারিয়া, শাকিল আহমেদ প্রমুখ।