জেনে নিন খড়, ভুসির দরদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খড়ের আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিটি বনশ্রী থেকে তোলা। ছবি: আবদুস সালাম
খড়ের আঁটি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। ছবিটি বনশ্রী থেকে তোলা। ছবি: আবদুস সালাম

পাকা তাল, জাম্বুরা, আমড়া, পেয়ারাসহ দেশি ফলের পাশে স্তূপ করে খড় সাজানো। সঙ্গেই বস্তাভর্তি ডালের খোসা, ভুসিসহ কয়েক পদের গো-খাদ্য। ফলের সঙ্গে হঠাৎ এসব কেন? কলাবাগান বাসস্ট্যান্ডের ফুটপাতের এ ফলের দোকানি আওলাদ হোসেন হেসে বলেন, ‘এইটাই তো সিজন। চাহিদাও আছে।’

দুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এখন হাটে চলছে পশু কেনাবেচা। রাজধানীতে যাঁরা কোরবানি দেন, কিছু সময়ের জন্য হলেও তাঁদের গরু বা ছাগলকে খাদ্য-খাবার দিতে হয়। পশু কেনার সঙ্গে সঙ্গে ভাবতে হয় খড়, খাস, ভুসি বা কাঁঠালপাতার কথা। এ ধরনের চাহিদার কথা মাথায় রেখেই রাজধানীর পথে-ঘাটে নানান জায়গায় গো-খাদ্যের পসরা সাজিয়ে বসেছেন অনেকে। মিরপুর রোডে কলাবাগান বাসস্ট্যান্ডেই তিনজন আছেন।

কাঁচা ঘাসের পসরা সাজিয়ে বসেছেন এই ব্যবসায়ী। ছবি: আবদুস সালাম
কাঁচা ঘাসের পসরা সাজিয়ে বসেছেন এই ব্যবসায়ী। ছবি: আবদুস সালাম

কলাবাগান বাসস্ট্যান্ডে তিন বছর ধরে নানা ধরনের জিনিসপত্র বিক্রি করেন মো. ইমরান। তবে কোরবানি এলেই নেমে পড়েন এই মৌসুমি ব্যবসায়। আজ বুধবার তাঁর দোকানে গিয়ে দেখা গেল, বড় কাঠের টেবিল পেতে তাতে প্যাকেটে করে খৈল, ভুসি, ডালের খোসা রাখা। প্রতি প্যাকেটের দাম ৭০ টাকা। ২০ টাকায় পাওয়া যাবে এক আঁটি খড়। ইমরান বলেন, ‘সিকশন এলাকা থেকে এসব কিনে আনি। বছরে যখন যেই ব্যবসা সুবিধার হয়, তাই করি। ঈদের দিন সকাল পর্যন্ত থাকি।’ নিজের ঈদ প্রসঙ্গে বলেন, তাঁর বাড়ি গোপালগঞ্জে। সকাল পর্যন্ত বিক্রি করে ঈদের নামাজ শেষে বাড়ির পথ ধরবেন।
ধানমন্ডি ৭ নম্বরে ফুটপাত ঘেঁষে ফলের দোকানের সঙ্গেও অনেক খড় রাখা। পাশেই বস্তায় পশুর অন্যান্য খাবার। এখানেও একই রকম দাম। দোকানি বললেন, আশপাশের বাসিন্দারা কেনেন। কয়েকজন এসে দাম শুনে নিলেন। শমশের আলী নামের একজন বললেন, ‘অন্য সময় এগুলোর দাম কম থাকে। এখন ঠেকা বলে এরা বেশি দাম রাখছে।’

অনেকেই কিনে নেবেন খৈল-ভুসি। ছবি: আবদুস সালাম
অনেকেই কিনে নেবেন খৈল-ভুসি। ছবি: আবদুস সালাম

পুরোনো এলিফ্যান্ট রোডে ইস্টার্ন মল্লিকা শপিং মলের পাশে বিভিন্ন আকারে ঘাসের দেখা মিলল। সাজু মিয়া খড়-ভুসির সঙ্গে ঘাসও রেখেছেন। আঁটি হিসেবে বিক্রি করেন। সবচেয়ে ছোট ঘাসের আঁটি ১৫ টাকা। মাঝারি আকারের আঁটি ২০ টাকা ও বড়টা ২৫ টাকা। খড়ের আঁটি ২০ টাকা। আর খৈল-ভুসি ৬০ থেকে ৭০ টাকা প্যাকেট। সাজু দুই বছর ধরে বসেন। ঘাস কোথা থেকে আসে জানতে চাইলে বলেন, ‘নদীর ওই পাড়ে কেরানীগঞ্জ থেকে আনি। ঘাসের চাহিদা বেশি। দিনেই সব বেচা হয়।’
সাজুর ভ্যানেই ঘাস নেড়েচেড়ে দেখছেন এলিফ্যান্ট রোডের বাসিন্দা আশফাক হোসেন। গতকাল বিকেলে দুটি গরু কিনেছেন। তিনি বলেন, ‘হাট থেকেই খড়-ভুসি কিনেছি। কিন্তু গরু যে এত খায় ধারণা ছিল না। সকালে দেখি অল্প কিছু খড় পড়ে আছে, আর সব শেষ। এখানে তো দেখি ঘাসও পাওয়া যাচ্ছে।’