জেনেভা ক্যাম্প থেকে আরও ৩৫ হাতবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে আজ শনিবার সকাল ১০টার দিকে ৩৫টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এর আগে জেনেভা ক্যাম্পে গতকাল শুক্রবার দুপুরে বোমা বিস্ফোরণে দুজন গুরুতর আহত হন। বেলা তিনটার দিকে সংশ্লিষ্ট তিনতলা বাড়ির কাছে একটি পরিত্যক্ত টয়লেট থেকে ১০০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব-২।

র‌্যাব-২-এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ আজ প্রথম আলো ডটকমকে জানান, গতকাল জেনেভা ক্যাম্প থেকে বোমা উদ্ধার করার পর রাতেও সেখানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে জেনেভা ক্যাম্পের একটি টয়লেট থেকে ৩৫টি হাতবোমা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মোহাম্মদপুর থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

র‌্যাব-২-এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ দাবি করেন, অবরোধে হাতবোমাগুলো ব্যবহার করার জন্য রাখা হয়েছিল।

গতকাল জেনেভা ক্যাম্পে বোমা বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে মো. শাহীনের (৩০) ডান হাতের পাঞ্জা ক্ষতবিক্ষত হয়েছে এবং মো. নাদিমের (২৫) মুখ, চোখ ও শরীর ঝলসে গেছে। পুলিশ বলেছে, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ওই দুজন আহত হয়েছেন। পুলিশি হেফাজতে তাঁরা চিকিত্সাধীন।

আহত দুজনের স্বজনদের দাবি, শাহীন ডেকোরেশনের ও নাদিম কারচুপির ব্যবসা করেন। যে ঘরে বিস্ফোরণ হয়েছে, সেটি নাদিমের কারচুপির কারখানা।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের সরু গলিতে একটি তিনতলা বাড়ির তৃতীয় তলায় বেলা একটার দিকে বিস্ফোরণ ঘটার বিকট শব্দ হয়। ঘরটি জেনেভা ক্যাম্পের বাসিন্দা নাদিম কারচুপির কারখানা হিসেবে ভাড়া নিয়েছেন। বিস্ফোরণের কিছুক্ষণ পর শাহীন আহত অবস্থায় নিচে নেমে আসেন ও গলিতে পড়ে যান। আহত নাদিম হেঁটে নিচে নেমে এলে তাঁর ভাই বশির তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হকসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে শাহীনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।