জেনেভা ক্যাম্পের দুজন তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেনেভা ক্যাম্পের দুই বাসিন্দাকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খান চৌধুরী এই আদেশ দেন।

ওই দুজন হলেন আনোয়ার হোসেন (৩৮) ও মো. ইজাজ (৩৫)। তাঁরা দুজনই জেনেভা ক্যাম্পের বাসিন্দা।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আমিনুল ইসলাম দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, এই দুই আসামিসহ ৮ থেকে ১০ জন আদাবর এলাকার একটি হোটেলে বসে ধ্বংসাত্মক ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। ঘটনাস্থল থেকে দুই আসামি গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক রয়েছেন। পলাতকদের গ্রেপ্তারের জন্য এই দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি। শুনানি শেষে আদালত এই আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান প্রথম আলোকে বলেন, আসামিরা জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তাঁরা আদাবরের একটি হোটেলে মিলিত হয়ে সরকারবিরোধী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।