জেন্ডার বাজেট কীভাবে খরচ হয় নজরদারি থাকা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা জেন্ডার বাজেট বরাদ্দ দেওয়া হলেও এই অর্থ কীভাবে, কোথায় নারীর জন্য ব্যয় হচ্ছে, তার নজরদারি করার ওপর জোর দিলেন নারী নেত্রীরা। তাঁরা বলেন, ৪০টি মন্ত্রণালয়ের জেন্ডার বাজেট থাকলেও বিদায়ী অর্থবছরে অনেক মন্ত্রণালয় অর্থ খরচ করতে পারেনি।
বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্যে নারীর জন্য বিনিয়োগ: জাতীয় বাজেট’ শীর্ষক আলোচনা সভায় গতকাল রোববার নারী নেত্রীরা এ কথা বলেন।
আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ঐতিহাসিকভাবে নারীরা সম্পদহীন। এই ক্ষেত্রে যদি পরিবর্তন আনা যায়, তাহলে হয়তো নারীর অবস্থার পরিবর্তন হবে। বাজেটে সক্ষমতার ভিত্তিতে অর্থ ব্যয় করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারীর অগ্রগতি হয়েছে এটা সত্যি, কিন্তু এই অগ্রগতি ও উন্নতির সুবাতাস কতটুকু নারী পাচ্ছে, তা দেখতে হবে এবং এর ভিত্তিতে নতুন পরিকল্পনা নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাজমা বেগম বলেন, ‘আমরা অংশগ্রহণমূলক বাজেট চাই। আমরা অনেক ধরনের আলোচনা দেখি বাজেটের আগে। কিন্তু এর প্রতিফলন আমরা অনেক সময়ই দেখি না। আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় নারীর জন্য অনেক বরাদ্দ রয়েছে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন অনেক কম।’
সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মী মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুর রাজ্জাক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব মো. আজিজুল আলম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ রিসার্চ ফেলো বিমল কুমার সাহা। বিজ্ঞপ্তি।