জেন্ডার বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে তথ্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপিএস আয়োজিত ‘নারীর প্রতি অসমতা দূরীকরণের প্রশ্নে নীতি, আইন ও বাজেট’ শীর্ষক সেমিনারে আলোচকেরা। সিরডাপ মিলনায়তন, ঢাকা, ৩ জুন। ছবি: প্রথম আলো
বিএনপিএস আয়োজিত ‘নারীর প্রতি অসমতা দূরীকরণের প্রশ্নে নীতি, আইন ও বাজেট’ শীর্ষক সেমিনারে আলোচকেরা। সিরডাপ মিলনায়তন, ঢাকা, ৩ জুন। ছবি: প্রথম আলো

সরকার জেন্ডার বান্ধব বাজেট করলেও বাস্তব অগ্রগতি নিয়ে কোনো তথ্য নেই। নজরদারির অভাবে বাজেট বরাদ্দের কতটুকু বাস্তবায়িত হচ্ছে, নারীর জীবনে কোন কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলো, তার কোনো তথ্য নেই। জেন্ডার বাজেট নিয়েও ধারণাগত অস্পষ্টতা আছে।

আজ রোববার রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত ‘নারীর প্রতি অসমতা দূরীকরণের প্রশ্নে নীতি, আইন ও বাজেট’ শীর্ষক এক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর।

সম্প্রতি বিএনপিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামানের তত্ত্বাবধানে ‘উইমেন ডেভেলপমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট, পলিসিজ অ্যান্ড ইস্যুজ’ শীর্ষক একটি সমীক্ষা কার্যক্রম পরিচালনা করে। সমীক্ষায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি, দেশে বিদ্যমান জেন্ডার ও উন্নয়নবিষয়ক নীতিকাঠামো এবং নীতি বাস্তবায়নের প্রকৃতি ও সক্ষমতা বিশ্লেষণ করা হয়েছে। এতে ভবিষ্যৎ করণীয় বিষয়েও সুপারিশ প্রণয়ন করা হয়েছ।

সেমিনারে এ সমীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান। তিনি বলেন, জেন্ডার বাজেটকে সেই অর্থে জেন্ডার বান্ধব বাজেট করতে হলে রাজনৈতিক সদিচ্ছা এবং পর্যাপ্ত তথ্যউপাত্ত থাকতে হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম সচিব নাজমা মোবারেক বলেন, জেন্ডার বাজেট মানে হলো নারী ও পুরুষের মধ্যে যে ফারাক আছে, তা চিহ্নিত করা। কিন্তু নারীরা পিছিয়ে আছে বলে নারীর বিষয়টি বেশি আলোচিত হয়। তিনি বলেন, ভাতা নিয়ে করা এক গবেষণায় দেখা যায়, ভাতাভোগীর গর্ভকালে যে ভাতা পাওয়ার কথা, তা পাচ্ছেন সন্তান হওয়ার পর। তাই সুবিধা কারা পাচ্ছেন, কীভাবে পাচ্ছেন, তা নজরদারিতে আনতে হবে। সরকার বর্তমানে নজরদারির বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।

সেমিনারে প্যানেল আলোচনায় অর্থনীতিবিদ ও গবেষক প্রতিমা পাল মজুমদার বলেন, ২০১১ সালে সরকারের জাতীয় নারী উন্নয়ন নীতিতে নারীর অদৃশ্যমান কাজকে দৃশ্যমান করার কথা বলা হয়েছিল, তা হয়নি। কৃষি উপকরণ নারীরা সেভাবে পাচ্ছেন না। আলু চাষের ৮০ শতাংশ শ্রম দেন নারী, কিন্তু পরিসংখ্যানে আলুচাষি হিসেবে নারীর কোনো জায়গা হয়নি। তিনি নারীর সার্বিক ক্ষমতায়নে নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী বলেন, জেন্ডার বাজেট মানে নারীদের জন্য আলাদা কোনো বাজেট নয়। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, একটি সেতু তৈরি হলে তা নারী ও পুরুষ সবাই ব্যবহার করবেন। বাজেট বরাদ্দ দুই কোটি টাকা হলে নারীর জন্য বরাদ্দ এক কোটি টাকা, আর পুরুষের জন্য বরাদ্দ এক কোটি টাকা বলা যায়। কিন্তু সামাজিক রীতিনীতি, নিরাপত্তা, সক্ষমতাসহ বিভিন্ন কারণে নারী ওই সেতু পুরুষের সমান ব্যবহার করতে পারেন না। তাই বরাদ্দ আছে বলেই মনে করার কারণ নেই নারী তাঁর অধিকার অর্জন করে ফেলেছেন।

অধ্যাপক শরমিন্দ নিলোর্মী বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য যে বাজেট বরাদ্দ দেওয়া হয়, সক্ষমতার অভাবে তা খরচ করতে পারে না। তাই এ মন্ত্রণালয়ের বরাদ্দ কমছে বলা যায়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) জ্যেষ্ঠ গবেষক নাজনীন আহমেদ বলেন, জাতীয় নারী উন্নয়ন নীতিসহ বিভিন্ন নীতিতে যা বলা আছে তা কতটুকু পূরণ হলো, তা দেখতে হবে। বাজেটকে জেন্ডার বান্ধব তখনই বলা যাবে যখন নারী তাঁর সহায়ক সব ধরনের সুযোগ পাবেন।

পরিকল্পনা কমিশনের উপপ্রধান প্রদীপ কুমার মহোত্তম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সায়মা হক বিদিশা, মহিলাবিষয়ক অধিদপ্তরের ঢাকা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আয়শা সিদ্দিকী প্রমুখ আলোচনায় অংশ নেন।