জেন্ডার সংবেদনশীল বাজেট তৈরিতে তথ্য-উপাত্তের ঘাটতি কোথায় হচ্ছে, তা চিহ্নিত করার তাগিদ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি আরও বলেছেন, নারীর অংশগ্রহণ শুধু সংখ্যাগতভাবে বাড়লেই হবে না, তাতে গুণগত পরিবর্তনও আসতে হবে।গতকাল শনিবার বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। আসন্ন জাতীয় বাজেটে নারীর জন্য বরাদ্দ বাজেটের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার বিষয়টি সামনে রেখে সিরডাপ মিলনায়তনে এ আলোচনার আয়োজন করা হয়।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শ্রমের বাজারে নারীর অংশগ্রহণ বাড়ছে। কিন্তু সেই বৃদ্ধি যাতে অপ্রাতিষ্ঠানিক খাতে না হয়ে মজুরি খাতে হয়, বাজেটে সে ধরনের নির্দেশনা ও প্রণোদনা থাকা দরকার। নারী নির্যাতনের বিরুদ্ধে এ পর্যন্ত তেমন কোনো বড় নারী সমাবেশ না দেখার কথা উল্লেখ করে দেবপ্রিয় বলেন, ‘এটি বাজেটে বরাদ্দ না দেওয়ায় বা নীতির অভাবে হয়নি। এটি হয়েছে সামাজিক শক্তির ভারসাম্যের অভাবে।’সভার আলোচনায় ঘুরেফিরে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক ‘স্থবিরতার’ বিষয়গুলো প্রাধান্য পায়। বক্তারা আগামী বাজেটে এ প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে অর্থ বরাদ্দের দাবি করেন। মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফওজিয়া মোসলেম এতে সভাপতিত্ব করেন। সভায় মূল প্রবন্ধ পড়েন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শরমিন্দ নিলোর্মী। তিনি বলেন, দোতলা বাসের ওপর থেকে শুল্কহার কমালে বা এ রকম গণপরিবহনে বিনিয়োগ বাড়ালে তা নারীর চলাচলের সুযোগ বৃদ্ধি করে। আবার ফ্রিজের ওপর থেকে শুল্কহার কমালে তা কর্মজীবী নারীর বাইরে যাওয়াকে সহজ করে দেয়। তিনি শিশু দিবাযত্ন কেন্দ্র তৈরিসহ বিভিন্ন নারীমুখী উদ্যোগের জন্য বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানান।অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রণজিত চক্রবর্তী জানান, আগামী বাজেটে ৪০ মন্ত্রণালয়ের জেন্ডার বাজেট প্রতিবেদন প্রকাশ করা হবে। তবে এ বাজেট প্রতিবেদন কতটুকু বাস্তবায়িত হচ্ছে, সে ধরনের মনিটরিং ও মূল্যায়ন না হলে জেন্ডার বাজেট কাজে লাগবে না বলে উল্লেখ করেন তিনি। সভার আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান, জেন্ডার বিশেষজ্ঞ তপতী সাহা। স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। সঞ্চালক ছিলেন সংগঠনের আন্দোলন সম্পাদক রেখা চৌধুরী।