জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে পুলিশ আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে নারী ও শিশু নির্যাতন-সংক্রান্ত মামলা তদন্ত করে। জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে সংস্থাটি আন্তরিক বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
গতকাল বুধবার পুলিশ সদর দপ্তরে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় জেন্ডারভিত্তিক নির্যাতন রোধে বাংলাদেশ পুলিশের জন্য প্রণীত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজি এ কথা বলেন।
নারীবান্ধব পুলিশ সেবা কার্যক্রম এবং নারী ও শিশুদের ওপর নির্যাতন-সংক্রান্ত মামলাগুলো আরও দক্ষভাবে তদন্ত নিশ্চিত করতে পুলিশ ও ইউএনএফপিএ এই সমন্বিত নীতিমালা প্রণয়ন করেছে।
অনুষ্ঠানে আইজিপি বলেন, জেন্ডারভিত্তিক নির্যাতন মামলা তদন্ত ও প্রতিরোধে প্রণীত এই নীতিমালা তদন্তকারী কর্মকর্তাদের জন্য সহায়ক হবে। এটি অনুসরণের মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুকে সর্বোত্তম সেবা দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে ইউএনএফপিএর ভারপ্রাপ্ত কর্মকর্তা আওরি কাতো জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিচারব্যবস্থা, আইনি সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদানকারীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দেন।
অনুষ্ঠানে জানানো হয়, ইউএনএফপিএর সহযোগিতায় ১৫টি থানায় নারীবান্ধব ডেস্ক চালু আছে। সেখানে কর্মরত প্রশিক্ষিত নারী পুলিশ কর্মকর্তারা নির্যাতনের শিকার নারী ও শিশুদের সহায়তা দিচ্ছেন। এ ছাড়া বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, কক্সবাজার, পটুয়াখালী, সিলেট এবং জামালপুর জেলার ৪৪টি থানায় ইউএনএফপিএর প্রটেকশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট অব উইমেন রাইটস শীর্ষক প্রকল্পের কার্যক্রম চালু আছে।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউএন উইমেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা, অ্যাকশনএইড, প্ল্যান বাংলাদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিস কেন্দ্র এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি