জেপি নিয়ে আ.লীগে আলোচনা, কাল বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) মহাজোটে যোগ দেওয়া নিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। উভয় দলের নেতারা এ নিয়ে কয়েক দফা অনানুষ্ঠানিক আলোচনা করলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এই আলোচনার পরিপ্রেক্ষিতে কাল বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে জেপির বৈঠক হবে।

আওয়ামী লীগ ও জেপির শীর্ষস্থানীয় নেতারা এ বৈঠক হওয়ার কথা স্বীকার করেছেন। জানতে চাইলে ১৪ দলের সঙ্গে আগামীকালের বৈঠকের কথা স্বীকার করে জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু প্রথম আলোকে বলেন, ‘তাঁরা আমাদের বৈঠকের জন্য ডেকেছেন। আমরা বৈঠকে যাব। তবে মহাজোটে যোগ দেওয়ার বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।’

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সরকারি দল আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ১৪ দল বা মহাজোটকে সম্প্রসারণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে এর আগে জাকের পার্টির সঙ্গেও ১৪ দলের বৈঠক হয়েছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল মহাজোটে আসতে চাইলে স্বাগত জানানো হবে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জেপির সঙ্গে ১৪ দলের বৈঠকের ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন। এ ছাড়া সম্প্রতি একটি অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে আনোয়ার হোসেন মঞ্জুরও কথা হয়েছে। ওই অনুষ্ঠানেই জেপির সঙ্গে ১৪ দলের বৈঠকের সিদ্ধান্ত হয়।

জানতে চাইলে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম প্রথম আলোকে বলেন, জেপির সঙ্গে মতবিনিময় হবে। তবে মহাজোটে যোগ দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, মহাজোট সম্প্রসারণের চিন্তাভাবনা আছে। এর অংশ হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলোর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় হবে।