জেবিডব্লিউজির বৈঠক বৃহস্পতিবার
বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার ঢাকায় বৈঠকে বসছে জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ (জেবিডব্লিউজি)। ভারতের সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে গতকাল সোমবার এ খবর প্রকাশ করে সে দেশের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
চুক্তির অধীনে দুই দেশের মধ্যে থাকা ছিটমহলগুলো বিনিময় হওয়ার পর জেবিডব্লিউজি সীমানা চিহ্নিত করবে। বৈঠকে বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমারের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে পত্রিকাটি। এ ছাড়া বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোর সচিব পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে যোগ দেবেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, জেবিডব্লিউজির বৈঠকে ত্রিপুরার রাজস্বসচিব পুনিত আগরওয়াল উপস্থিত থাকবেন। চুক্তি অনুযায়ী ত্রিপুরার ধলাই জেলার কামালপুরের বিতর্কিত চন্দননগর এলাকাটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে। অন্যদিকে দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ার মুহুরির চর বাংলাদেশের ভেতরে যাবে।