জেব্রা ক্রসিং নেই, পথচারী চলে গাড়ির ফাঁকে ফাঁকে

সিগন্যালের সঙ্গে সঙ্গে রাজধানীর সড়কের জেব্রা ক্রসিংগুলোও হারিয়ে গেছে। পথচারীরাও ভুলে গেছেন এর সঠিক ব্যবহার। যানবাহনের ফাঁকে ফাঁকে ঝুঁকি নিয়েই সড়ক পার হন তাঁরা।
পথচলতি মানুষের নিরাপদে সড়ক পার হওয়ার জন্য সাদা দাগ কেটে জেব্রা ক্রসিং তৈরি করা হয়। কিন্তু গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন সিগন্যালে গিয়ে দেখা যায়, জেব্রা ক্রসিংগুলোর কোনো ব্যবহার নেই। কোথাও কোথাও মুছে গেছে, আবার অনেক জায়গায় কেনো চিহ্নই নেই।
গত বছরের ২৯ ডিসেম্বর প্রথম আলোতে ‘মুছে যাচ্ছে জেব্রা ক্রসিং’ নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বিভিন্ন সিগন্যালের বিবরণ ছিল। এগুলোর মধ্যে বিজয় সরণি হয়ে রোকেয়া সরণিতে ঢুকতে চার রাস্তার মোড়ের জেব্রা ক্রসিংয়ের ছবিও ছাপা হয়। এতে দেখা যায়, ক্রসিংয়ের সাদা দাগ প্রায় মুছে গেছে। অবস্থার পরিবর্তন হয়নি। এখনো একই রকম। গতকাল দেখা গেল, সেই মোড়ে কোনো ক্রসিংয়ের চিহ্নই ঠিকমতো নেই। এখানকার দায়িত্বরত সার্জেন্ট বললেন, ‘সিগন্যাল ব্যবস্থা ঠিকমতো কাজ না করায় জেব্রা ক্রসিংয়েরও ব্যবহার ওইভাবে হয় না। আর মানুষও তেমন জানে না।’
ঢাকায় লাল-হলুদ-সবুজ বাতির ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা প্রায় হারিয়েই গেছে। হাতের ইশারায় চলছে যানবাহন। সিগন্যালের সঙ্গে সম্পৃক্ত থাকায় জেব্রা ক্রসিংগুলোও ব্যবহৃত হচ্ছে না। এগুলোও হারানোর পথে।
মিরপুর রোড থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে ঢোকার মুখে, রমনা থানার সামনে, রাসেল স্কয়ার, ধানমন্ডি ৩ নম্বর সড়ক, মিরপুর রোডের বিভিন্ন মোড়সহ অনেক স্থানের জেব্রা ক্রসিংয়ের সাদা দাগ মুছে যাচ্ছে। কোথাও কোথাও নেই। কিন্তু যেসব স্থানে আছে, সেখানেও এর ব্যবহার নেই। কিছু কিছু জায়গায় ক্রসিংয়ের সাদা দাগের ওপরেই যানবাহন থামছে।
ঝুমা রহমান মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহনের ফাঁকফোকর দিয়ে সড়ক পার হচ্ছিলেন। জেব্রা ক্রসিংয়ের বিষয়ে জিজ্ঞেস করলে বলেন, ‘আমাদের দেশে আবার এই সব আছে নাকি! সিগন্যাল ঠিক নাই, দাগ নাই। আর কোনো দিন তো দেখেছি বলে মনে পড়ে না যে জেব্রা ক্রসিং দিয়ে মানুষ পার হয়।’ আরও কয়েকটি সিগন্যালে পথচারীদের সঙ্গে কথা বলে বোঝা যায়, এটা নিয়ে তাঁদের মধ্যে তেমন কোনো ধারণা নেই। এক পাশের যানবাহন থামিয়ে অন্য পাশের সিগন্যাল ছাড়লে তার মধ্য দিয়েই পথচারীরা চলাচল করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোল্লা মো. নুরুজ্জামান বলেন, ‘বৃষ্টির জন্য কাজ বন্ধ ছিল। কোথায় জেব্রা ক্রসিং হবে, তা চিহ্নিত করা শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য কাজ রাস্তায় দেখা যাবে।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ বলেন, ‘রোড মার্কিং হচ্ছে। জরুরি ভিত্তিতে কার্যক্রম শুরু হবে।’
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক সারওয়ার জাহান এ বিষয়ে বলেন, ‘সিগন্যালই তো কাজ করছে না। জেব্রা ক্রসিং সেখানে কীভাবে কাজ করবে। আগে আমাদের ট্রাফিক ব্যবস্থা ঠিক করতে হবে। এর সঙ্গে মানুষের সচেতনতাও প্রয়োজন।’ তিনি আরও বলেন, ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে যানবাহন থামবে। তখন সাদা বাতি জ্বললে ক্রসিং দিয়ে মানুষ পার হবে। বাইরের দেশে পদচারী-সেতু খুব কম। সেখানে এই ক্রসিংয়েরই ব্যবহার বেশি। ঢাকার মানুষ পদচারী-সেতুর চেয়ে সড়কের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পার হয়। এর জন্য তিনি ছোট থেকে শিক্ষা এবং আইনের যথাযথ প্রয়োগের কথা বলেন।