জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার চতুর্থ সাক্ষীকে আসামি পক্ষের আইনজীবীদের জেরা অব্যাহত আছে৷ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়৷ পরে আদালত মুলতবি ঘোষণা করে আজ বুধবার পরবর্তী জেরার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সভাপতি ইসমাঈল হোসেন তাঁর সাক্ষ্যে আদালতকে ২১ মে জানিয়েছিলেন, মাদকের বিরোধিতা করায় আসামিরা হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করেন৷
মামলার আসামি জাহিদুল ইসলামের আইনজীবী সাক্ষী ইসমাঈলকে গতকাল জেরা করেন৷ জেরাকালে হিমাদ্রী মাদকবিরোধী সংগঠনের কেউ ছিলেন না বলে দাবি করা হয়৷ উত্তরে ইসমাঈল বলেন, হিমাদ্রী শিকড়ের অন্যতম সদস্য ছিলেন৷ মাদকের বিরোধিতা করায় তাঁকে হত্যা করা হয়।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়৷ এতে গুরুতর আহত হিমাদ্রী পরের মাসে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান৷ এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গত ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে৷ গত ৩ ফেব্রুয়ারি আসামি শাহ সেলিম, জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খানের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করেন আদালত৷ তঁাদের মধ্যে মাহাবুব ও জুনায়েদ পলাতক রয়েছেন৷