জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার সাক্ষী নিহতের মা গোপা মজুমদারের জেরা অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত আজ বুধবারও জেরার দিন ধার্য করেন। গত বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দেন হিমাদ্রীর মা।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, হিমাদ্রীর মা গোপা মজুমদারকে পলাতক আসামি জুনায়েদ রিয়াদ ও মাহাবুবু আলী খান ওরফে ড্যানির পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী জেরা করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জেরাকালে হিমাদ্রীর মা বলেছেন, শাহ সেলিম ওরফে টিপুর নির্দেশে জুনায়েদ রিয়াদসহ তাঁর বন্ধুরা টিপুর বাসায় ডেকে নিয়ে ছাদ থেকে হিমাদ্রীকে ফেলে দিয়েছেন বলে তিনি (হিমাদ্রী) হাসপাতালে বলেছেন। যা মুঠোফোনে রেকর্ড করা হয়েছে।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা করা হয়। ৩০ সেপ্টেম্বর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তাঁদের মধ্যে মাহাবুব আলী খান, জাহিদুল ইসলাম ওরফে শাওন ও জুনায়েদ রিয়াদ পলাতক।