জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার সাক্ষী নিহতের মা গোপা মজুমদারের জেরা অব্যাহত আছে।

গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত মুলতবি ঘোষণা করে আজ বৃহস্পতিবারও জেরার দিন ধার্য রাখেন। ৮ অক্টোবর আদালতে সাক্ষ্য দিয়েছিলেন হিমাদ্রীর মা।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান প্রথম আলোকে জানান, হিমাদ্রীর মা গোপা মজুমদারকে আসামি শাহাদাত হোসাইনের আইনজীবীর জেরা অব্যাহত আছে।

আদালত সূত্রে জানা গেছে, জেরাকালে হিমাদ্রীর ছাদ থেকে পড়ে যাওয়ার খবর কখন কার কাছ থেকে শুনতে পান হিমাদ্রীর মা। ঘটনাস্থল নগরের পাঁচলাইশ এলাকায় তিনি গিয়েছিলেন কি না। ঘটনাস্থল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব কত। এসব নানা প্রশ্ন করা হয়। কোনোটির উত্তরে হ্যাঁ আর কোনোটির উত্তরে না বলে জবাব দেন হিমাদ্রীর মা।

২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এঁদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি, জাহিদুল ইসলাম ওরফে শাওন ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন।