চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় দ্বাদশ সাক্ষী নুর উদ্দিন রাজের সাক্ষ্য ও আংশিক জেরা গ্রহণ করেছেন আদালত।
গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ শুনানি হয়। পরে আদালত আজ মঙ্গলবারও জেরার দিন ধার্য রাখেন।
আদালত সূত্রে জানা গেছে, সাক্ষী নুর উদ্দিন রাজ আদালতকে জানান, মাদকবিরোধী সংগঠন শিকড়ের মাধ্যমে হিমাদ্রীর সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয়ের সুবাদে ঘটনার দিন রাউজান উপজেলায় তাঁদের বাড়িতে মেজবানে হিমাদ্রীসহ শিকড়ের অন্য সদস্যদেরও দাওয়াত ছিল।
ওই দিন বিকেলে শিকড়ের আবু তৈয়বকে ফোন করা হলে জানান, হিমাদ্রীকে শাহ সেলিম টিপুর নির্দেশে তার বাসার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। এ কারণে কেউ মেজবানে যেতে পারেননি। পরে সাক্ষীকে আংশিক জেরা করেন আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী।