জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার সাক্ষী মাদকবিরোধী সংগঠন শিকড়ের সাধারণ সম্পাদক জাওইদ আলীর জেরা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ জেরা হয়। পরে আদালত আজ বৃহস্পতিবারও জেরার দিন ধার্য রাখেন।
আদালত সূত্রে জানা গেছে, সাক্ষী জাওইদ আলীকে আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী কফিল উদ্দিন জেরা করেন। জেরাকালে হিমাদ্রী ছাদ থেকে পড়ে যাওয়ার খবর কীভাবে পান জানতে চান আইনজীবী। উত্তরে সাক্ষী বলেন, ঘটনার দিন মসজিদ থেকে বের হয়ে বাইরে শোরগোল শুনতে পান। গিয়ে দেখেন হিমাদ্রী পড়ে আছেন।
এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিমাদ্রী ঘটনার বিষয়ে যে জবানবন্দি দেন, সে সময়ও উপস্থিত ছিলেন সাক্ষী জাওইদ আলী। মাদকের বিরোধিতা করায় হিমাদ্রীকে হত্যা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন হিমাদ্রী।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তাঁদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি, জাহিদুল ইসলাম ওরফে শাওন ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন। মামলায় মোট ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।