জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার নবম সাক্ষী নিহতের বাবা প্রবীর মজুমদারের সাক্ষ্য শেষ হওয়ার পর তাঁকে আংশিক জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে এ সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত মুলতবি ঘোষণা করে আজ সোমবার পরবর্তী দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষ্যে প্রবীর মজুমদার বলেন, ‘হিমাদ্রী নগরের হলি হেলথ ও সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছটফট করতে থাকে। এ সময় সে বলতে থাকে, “শাহ সেলিম টিপু আঙ্কেলকে জিজ্ঞেস করো, তাঁর ছেলে ও তার বন্ধুরা কেন আমাকে কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতন করে।” পরে উন্নত চিকিৎসার জন্য ২০১২ সালের ২৯ এপ্রিল ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হিমাদ্রী চিকিৎসাধীন থাকাবস্থায় মামলা করতে চাইলেও শাহ সেলিম টিপুর হুমকির কারণে মামলা করা হয়নি। হিমাদ্রী মারা যাওয়ার পর তার মামা বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।’
এদিকে হিমাদ্রীর বাবার সাক্ষ্য দেওয়া শেষ হওয়ার পর আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী কফিল উদ্দিন তাঁকে জেরা করেন। জেরাকালে হিমাদ্রী মৃগীরোগী ও মাদকাসক্ত ছিলেন দাবি করেন আইনজীবীরা। উত্তরে হিমাদ্রীর বাবা বলেন, হিমাদ্রী মাদকবিরোধী সংগঠন ‘শিকড়ের’ সদস্য ছিলেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।