জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার নবম সাক্ষী নিহত হিমাদ্রীর বাবা প্রবীর মজুমদারকে আসামিপক্ষের আইনজীবীর জেরা অব্যাহত আছে।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করা হয়। পরে আদালত মুলতবি ঘোষণা করে আজ সোমবারও জেরার দিন ধার্য রাখেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী প্রবীর মজুমদারকে আসামি শাহাদাত হোসাইনের আইনজীবী জেরা করেন। জেরাকালে কখন হিমাদ্রীকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়, খবর কার কাছ থেকে শুনতে পান এবং হাসপাতালে হিমাদ্রী ঘটনার বিষয়ে কী জবানবন্দি দিয়েছিলেন এসব নানা প্রশ্ন করা হয়। কোনটির উত্তরে হ্যাঁ এবং কোনটির উত্তরে না বলেন সাক্ষী।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।