চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার সাক্ষী নিহতের মা গোপা মজুমদারের জেরা অব্যাহত আছে।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত মুলতবি ঘোষণা করে আজ সোমবারও জেরার দিন ধার্য রাখেন। গত বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছিলেন হিমাদ্রীর মা।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, হিমাদ্রীর মা গোপা মজুমদারকে আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী কফিল উদ্দিন জেরা শুরু করেছেন। জেরা অসমাপ্ত অবস্থায় আদালত সোমবারও দিন ধার্য রাখেন।
পিপি আরও বলেন, জেরাকালে হিমাদ্রীর মাকে আসামিপক্ষের আইনজীবী হিমাদ্রী ছাদ থেকে পড়ে যাওয়ার খবর কার কাছ থেকে শুনতে পান। যে বাসা থেকে পড়ে গেছে সেই বাসার মালিকের নাম কী। হিমাদ্রী কেন পাঁচলাইশ এলাকায় ঘটনার দিন এসেছিল। ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব কত। এসব নানা প্রশ্ন করা হয়। কোনোটির উত্তরে হ্যাঁ আর কোনোটির উত্তরে না জবাব দেন সাক্ষী।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।