জেরায় এরশাদ, মইন, মিন্টু, সালমানের নাম টেনে এনেছে আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশ ট্রাক অস্ত্র আটক মামলা
দশ ট্রাক অস্ত্র আটক মামলা

১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ, ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু, সালমান এফ রহমানসহ বিভিন্ন ব্যক্তির নাম টেনে এনে তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।তবে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি কামাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এসব ব্যক্তির নাম কোনো আসামির জবানবন্দিতে আসেনি। মামলার কার্যক্রম দীর্ঘায়িত করতে আসামিপক্ষ অপ্রাসঙ্গিকভাবে এঁদের নাম টেনে এনেছে।গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর ট্রাইব্যুনাল-১-এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরীকে জেরা করেন আসামি ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরীর আইনজীবী কামরুল ইসলাম।জেরায় আসামির আইনজীবী বলেন, ঢাকার বনানী, গুলশান ও বারিধারায় গোয়েন্দা সংস্থার সেইফ হাউসে অনেক পদস্থ ব্যক্তির পদচারণা ছিল। ১০ ট্রাক অস্ত্র আনার প্রথম ষড়যন্ত্র এসব সেইফ হাউসে হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলাটি তদন্ত করতে গিয়ে আসামি ও সাক্ষীদের বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি এরশাদ, সাবেক সেনাপ্রধান মইন ইউ আহমেদ, সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধূরী, ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারি, সাবেক সাংসদ গোলাম ফারুক অভি, ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু, সালমান এফ রহমানসহ অনেকের নাম এসেছে। এসব ব্যক্তিকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? তদন্ত কর্মকর্তা ‘না’ সূচক জবাব দেন।

আইনজীবী: ঢাকার বনানী, গুলশান ও বারিধারার সেইফ হাউসের বাড়ির মালিকদের বক্তব্য নিয়েছেন কি?

তদন্ত কর্মকর্তা: না।

আইনজীবী: অস্ত্র আটক মামলার দ্বিতীয় ষড়যন্ত্র ঢাকার সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। সিএমএইচে গিয়েছেন কি? সংশ্লিষ্ট কারোর বক্তব্য নেওয়া হয়েছে কি?

তদন্ত কর্মকর্তা: সিএমএইচে যাইনি, কারোর বক্তব্য নেওয়া হয়নি।

আইনজীবী: মামলার সাক্ষী সার্জেন্ট হেলাল উদ্দিন ও সার্জেন্ট আলাউদ্দিন একে-৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হন। ওই অস্ত্র মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি?

তদন্ত কর্মকর্তা: না।

আইনজীবী: কিছু অস্ত্রের গায়ে ‘মেইড ইন জাপান’ লেখা আছে। যাচাই করে দেখেছেন কি?

তদন্ত কর্মকর্তা: অস্ত্রগুলো চীনের তৈরি বলে সেনা বিশেষজ্ঞ যাচাই করে মতামত দিয়েছেন।

জেরা শেষে বিচারক এস এম মজিবুর রহমান আজ মঙ্গলবার মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। আজ এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমের আইনজীবী তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন বলে জানা গেছে।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিঘাটে সমুদ্রপথে আনা অস্ত্রের চালানটি ধরা পড়ে। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে দুটি মামলা হয়।