জেরায় সাহাবউদ্দিনকে টিএফআই সেলে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলার আসামি এনএসআইয়ের সাবেক পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাবউদ্দিনকে টিএফআই সেলে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। গতকাল রোববার সাহাবউদ্দিনের আইনজীবী মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে জেরাকালে এই অভিযোগ করেন।তবে অভিযোগ অস্বীকার করেন তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরী। মামলার আরেক আসামি ডিজিএফআইয়ের তৎকালীন পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দারের আইনজীবীও গতকাল তদন্ত কর্মকর্তাকে আংশিক জেরা করেন।চট্টগ্রাম নগর ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে গতকাল দুপুর ১২টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানকে জেরা করা হয়। পরে আজ সোমবার পর্যন্ত জেরা মুলতবি করেন বিচারক। জেরার সময় সাহাবউদ্দিনের আইনজীবী হামিদুর রহমান অভিযোগ করেন, ভয়ভীতি দেখিয়ে ও শারীরিক নির্যাতন চালিয়ে তাঁর মক্কেল থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। জবাবে তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘টিএফআই সেলে সাহাবউদ্দিনকে কোনো ধরনের নির্যাতন করা হয়নি। এটা ডাহা মিথ্যা।’আইনজীবী বলেন, ১০ ট্রাক অস্ত্র আটকের সময় সাহাবউদ্দিন হূদেরাগে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সময় তিনি ছুটিতে ছিলেন। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, ১০ ট্রাক অস্ত্র আটকের সময় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাহাবউদ্দিন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে ছুটিতে ছিলেন কি না, সেটা তাঁর জানা নেই।সাহাবউদ্দিনের আইনজীবীর জেরার পর জেনারেল রেজ্জাকুলের আইনজীবী কামরুল ইসলাম তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন। আংশিক জেরা করার পর আদালত আজ সোমবার পর্যন্ত কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের বিশাল চালান ধরা পড়ে। এ ঘটনায় কর্ণফুলী থানায় অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা হয়। ২০১১ সালের ২৬ জুন আরও ১১ আসামির নাম অন্তর্ভুক্ত করে আদালতে ১০ ট্রাক অস্ত্র মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন সিআইডির চট্টগ্রাম অঞ্চলের তৎকালীন সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী। একই বছরের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। ২০১১ সালের ২৯ নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।