জেল খাল দখল করে স্থাপনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে বরিশাল নগরের জেল খাল ভরাট করে কালভার্ট নির্মাণ করা হয়। এ সুযোগে একজন প্রভাবশালী ব্যক্তি এখন খালটির ওই অংশ দখল করে নতুন করে স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গতকাল সোমবার দেখা গেছে, জেল খালের নাজির মহল্লা এলাকায় যেখানে কালভার্ট নির্মাণ করা হয়েছে, তার পূর্ব দিকে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এলাকাবাসী জানান, মেসার্স ফরিদ স মিল ট্রেডার্সের মালিক মো. রফিকুল ইসলাম ওই প্রাচীর তুলছেন। এলাকাবাসী জানান, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মেসার্স ফরিদ স মিল ট্রেডার্সের দোতলা ভবনের বড় একটা অংশ ভেঙে দেওয়া হয়। বর্তমানে খালের ওপর কালভার্ট নির্মাণ করায় পুনরায় ওই মালিক খালের মধ্যে প্রাচীর তুলছেন। বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান বলেন, ‘মেয়রের নির্দেশে ওই কালভার্ট ভেঙে সেতু নির্মাণ করা হবে। ইতিমধ্যে দরপত্র আহ্বানের প্রস্তুতি নেওয়া হয়েছে। খালের কোনো অংশ দখল করে নিলে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।’ মেসার্স ফরিদ স মিলস ট্রেডার্সের মালিক রফিকুল ইসলাম বলেন, ‘এখানে খালের মধ্যে ৫০-৬০ বছর আগে গাইডওয়াল ছিল। খালের অংশ দখল নয়, আমি পুরোনো দেয়াল উঁচু করে দিয়েছি।’ আপনার দলিলে ওই জায়গা আছে কি না—জানতে চাইলে তিনি এ প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি।