জেল খাল দখলকারী ৮২ জনের তালিকা হস্তান্তর
নদী-খাল বাঁচাও আন্দোলন, বরিশাল নগরের জেল খালের উভয় পাশের প্রায় ১০ একর জায়গা দখলকারী ৮২ জনের একটি তালিকা তৈরি করে গতকাল রোববার বেলা ১১টায় বরিশাল সিটি করপোরেশনের মেয়রের কাছে হস্তান্তর করেছে।৪ নভেম্বর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন বলেন, ‘জেল খাল দখলদারদের একটি তালিকা তৈরি করে আমার কাছে দিন। আমি বড় ব্যানারে তাদের নাম নগরের অশ্বিনীকুমার হলের সামনে টানিয়ে দেব। ওই সব দখলদারের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।’ একই সঙ্গে তাঁদের কোনো সামাজিক অনুষ্ঠানে নিমন্ত্রণ না দেওয়ারও ঘোষণা দেন তিনি।নদী-খাল বাঁচাও আন্দোলন, বরিশাল সূত্র জানায়, সিটি মেয়রের ঘোষণার পর ভূমি অফিস থেকে সিএস এবং আরএস ম্যাপ সংগ্রহ করে জেল খালের একটি ম্যাপ করা হয়। বগুড়া-আলেকান্দা মৌজার জেএল ৪৭, ৪৮ এবং ৫০ দাগের নয় একর ৬৮ শতাংশ দখল হয়ে গেছে। খালের দুই পাড়ের ৮২ জন ওই পরিমাণ জায়গা দখল করে রেখেছেন।সিটি মেয়র শওকত হোসেন বলেন, ‘জেল খালসহ বরিশালের সব খাল দখলমুক্ত করে সংস্কার ও সংরক্ষণের জন্য ১১ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে।’