জেল খেটে আবার পুরোনো ‘পেশায়’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি ও ডাকাতির মামলায় তাঁরা বিভিন্ন মেয়াদে কারাবাস করার পর মুক্তি পান। তবু শুদ্ধ হওয়ার চেষ্টা করেননি। আবার বেছে নেন পুরোনো ‘পেশা’। একটি ডাকাতির ঘটনায় গত সোমবার রাতে আবার গ্রেপ্তার হন তাঁরা।তাঁরা হলেন—মোহাম্মদ সেলিম ওরফে বাইট্টা সেলিম (৩০), মোহাম্মদ হোসেন (৪০), মো. জাহাঙ্গীর আলম (৩৫) ও মো. আমীর আহাম্মদ (৪৪)। এঁদের মধ্যে প্রথম দুজন রাঙ্গুনিয়া, জাহাঙ্গীর বোয়ালখালী এবং আমীর রাউজানের বাসিন্দা।পুলিশ সূত্র জানায়, রাউজান উপজেলার কদলপুরের বাসিন্দা বাবুল নাথের বাড়িতে গত ১৩ জানুয়ারি ডাকাতির নেতৃত্ব দিয়েছিলেন এই চারজন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা এই অভিযোগ স্বীকার করেছেন।পুলিশ জানায়, আমীর আহাম্মদ চান্দগাঁও থানার একটি চুরির মামলায় চার বছরের সাজা খেটে মাস দুয়েক আগে মুক্তি পান। বাইট্যা সেলিম রাঙ্গুনিয়া থানার ডাকাতি মামলায় চার বছর সাজা খেটে বছর খানেক আগে মুক্তি পান। মোহাম্মদ হোসেন রাঙ্গুনিয়া থানার ডাকাতি মামলায় সাত বছর সাজা খেটে মাস ছয়েক আগে বের হন। জাহাঙ্গীর বোয়ালখালীর দুটি ও হাটহাজারীর একটি ডাকাতি মামলায় ১১ বছর সাজা খেটেছেন। মাস ছয়েক আগে তিনি মুক্তি পান।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ‘রাউজানের একটি ডাকাতির মামলায় আমরা এই চার ডাকাতকে গ্রেপ্তার করেছি। তাঁরা সবাই একাধিকবার গ্রেপ্তার হয়ে বিভিন্ন মেয়াদে কারাবাস করেছেন। মুক্তি পাওয়ার পর তাঁরা আবার পুরোনো পেশা চুরি-ডাকাতিতে ফিরে আসেন।’বাবুল আক্তার বলেন, এই সংঘবদ্ধ দলে মোট ১১ ডাকাত রয়েছেন। তাঁদের মধ্যে দু-একজন কারাগারে আছেন। অন্যরা বাইরে।