জেল খেটেছেন দুই ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ফিরে বাবা-মায়ের সঙ্গে নিজের বাড়ির আঙিনায় তোফাজ্জল (বাঁ থেকে দ্বিতীয়) l প্রথম আলো
দেশে ফিরে বাবা-মায়ের সঙ্গে নিজের বাড়ির আঙিনায় তোফাজ্জল (বাঁ থেকে দ্বিতীয়) l প্রথম আলো

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কোনাপাড়া গ্রামের এক তরুণ নিখোঁজ হওয়ার প্রায় ১৫ বছর পর গতকাল বুধবার বিকেলে বাড়ি ফিরে এসেছেন। ওই তরুণের নাম মো. তোফাজ্জল (২৬)। তাঁর বাবার নাম আবুল হাসেম।
তোফাজ্জল আবুল হাসেমের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ ও পরিবার। তোফাজ্জলের বর্ণনা অনুযায়ী দীর্ঘ ১৫ বছর তিনি একটি সাপুড়ে দলের হয়ে ভারতে ছিলেন। সম্প্রতি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
তোফাজ্জল নিখোঁজ হওয়ার পর তাঁর বাবা অপহরণের অভিযোগে কয়েকজন প্রতিবেশীর নামে মামলা করেন। ওই মামলায় একই গ্রামের কলিম উদ্দিন ও আবদুল খালেক নামের দুই ব্যক্তি দুই বছর করে জেল খাটেন। পরে তাঁরা জামিনে ছাড়া পান।
মামলার অপর এক আসামি পলাতক অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেন এলাকাবাসী।
পুলিশ, এলাকাবাসী ও তোফাজ্জলের পরিবার সূত্রে জানা যায়, ২০০০ সালে তোফাজ্জল স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়তেন। একদিন নেত্রকোনায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় গৌরীপুর রেলওয়ে স্টেশন থেকে নিখোঁজ হন। এরপর তোফাজ্জলের বাবা উড়োচিঠির মাধ্যমে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ এনে প্রতিবেশী কলিম উদ্দিন (৬৫), আবদুল খালেক (৪০) ও মো. অলি নামের একজনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করেন।
মামলায় কলিম উদ্দিন ও আবদুল খালেক দুই বছর জেল খাটেন। পরে তাঁরা জামিনে মুক্তি লাভ করলেও মামলাটি এখনো বিচারাধীন। অপর আসামি অলি পলাতক অবস্থায় কয়েক বছর আগে মারা যান।
গতকাল বুধবার বিকেলে তোফাজ্জল ট্রেনে চড়ে বাড়ি ফিরে আসেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অনেক মানুষ ভিড় করেন। বিষয়টি জানতে পেরে পুলিশ তোফাজ্জলকে ৫৪ ধারায় আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তোফাজ্জল জানান, ১৫ বছর আগে নেত্রকোনায় যাওয়ার সময় গৌরীপুর রেলওয়ে স্টেশনে সাপের খেলা দেখছিলেন। খেলা শেষে পিছু নিলে সাপুড়েরা কিছু খেতে দেন। তারপর তিনি জ্ঞান হারান। জ্ঞান ফিরলে তিনি কোথায় আছেন বুঝতে পারেননি। পরে ওই সাপুড়ে দলের সঙ্গে ভারতের আসামে চলে যান। ১৫ বছর ওই দলের হয়ে হিজড়া সেজে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। সম্প্রতি দীলিপ নামের ওই সাপুড়ে ভারতে তাঁর বিয়ে ঠিক করেন। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় তাঁদের সম্পর্কের অবনতি হয়। পরে কৌশলে ওই দল থেকে আলাদা হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন।
অপহরণ মামলার আসামি কলিম উদ্দিন বলেন, ‘তোফাজ্জলের পরিবারের মিথ্যা মামলার আসামি হয়ে আমি ও আমার ভাতিজা খালেক জেল খেটেছি। মামলা চালাতে গিয়ে আমাদের জমি-বাড়ি বিক্রি করতে হয়েছে। আমরা এখন আইনানুগ ব্যবস্থা নেব।’
আবুল হাসেম বলেন, ‘হারানো সন্তানকে ফিরে পেয়ে আমরা খুবই আনন্দিত।’ মামলার বিষয়ে তিনি বলেন, ‘ছেলে ফিরে আসার বিষটি আমি আদালতে জানাব।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, নানাভাবে যাচাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে ফিরে আসা তোফাজ্জলই আবুল হাসেমের ছেলে। পুলিশ তোফাজ্জলকে সন্দেহজনকভাবে আটক করেছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, মামলাটি এখনো আদালতে চলমান। ফিরে আসার বিষয়টি আদালতকে জানানো হবে।