কথায় কথায় সিএনজিচালিত অটোরিকশার জেল-জরিমানা বন্ধ এবং গাড়ি ডাম্পিংয়ের প্রতিবাদ এবং চালকদের নামে পাঁচ হাজার অটোরিকশা প্রদানের দাবি জানিয়েছে অটোরিকশা-মিশুক চালক ও শ্রমিক ইউনিয়ন।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা ফোর স্ট্রোক অটোরিকশা, মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানববন্ধন পরিচালনা করেন। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ঢাকা জেলা সিএনজি অটোরিকশা-মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলী সরদার মানববন্ধনে বক্তব্য দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যেসব ধারায় শ্রমিকদের জেলে পাঠানো হয় সেগুলো বাতিল করতে হবে। ২০০৭ সালের ২৮ জুন যোগাযোগ মন্ত্রণালয়ের অনুমোদিত পাঁচ হাজার অটোরিকশার নিবন্ধন চালকদের দিতে হবে। শ্রম আইন অনুযায়ী চালক ও শ্রমিকের নিয়োগপত্র দিতে হবে। বিজ্ঞপ্তি।