জেল-জরিমানার বিধান রেখে আরডিএ আইন মন্ত্রিসভায় অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আইনের (আরডিএ) চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। মহাপরিকল্পনার বাইরে কোনো কাজ করা যাবে না বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে। এই আইন লঙ্ঘন করা হলে জরিমানার পাশাপাশি কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এ আইনটির খসড়া অনুমোদন করা হয়। আইনে ১৫ সদস্যের একটি কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে, যার অনুমোদন ছাড়া কোনো ভবন নির্মাণ ও পুকুর খনন করা যাবে না।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, সামরিক শাসনামলে জারি করা আইন ও অধ্যাদেশ সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করায় নতুন করে এই আইন করা হচ্ছে। এই আইন অমান্য করা হলে ৫০ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের ব্যবস্থা থাকছে। মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, নতুন আইনে আরডিএ কর্তৃপক্ষকে ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা এবং মহাপরিকল্পনার মাধ্যমে পরিকল্পিত একটি নগর গড়ে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৭৬ সালের অধ্যাদেশ অনুযায়ী আরডিএ চলছিল।