ইয়াবা মামলার দুই আসামিকে বেআইনিভাবে মুক্তি দেওয়ায় কেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়কের (জেল সুপার) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। আদেশটি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে জেল সুপারকে লিখিত জবাব দিতে বলেছেন আদালত। অতিরিক্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সাহাদাত হোসেন ভুঁইয়া গত বৃহস্পতিবার এ আদেশ দেন।
গত বছরের ২৯ নভেম্বর গভীর সাগরে অভিযান চালিয়ে মাছ ধরার একটি ট্রলার থেকে সাত লাখ ইয়াবা বড়ি উদ্ধার করে র্যা ব। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় মিয়ানমারের চার নাগরিকসহ সাতজনকে। তাঁদের মধ্যে শরীফ হোসেন ও মো. সামসুল নামের দুই আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৮ জানুয়ারি আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ১০ জানুয়ারি দিন ধার্য করেন। কিন্তু আদালতে দায়িত্ব পালন করা পুলিশের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে ওই মামলা থেকে দুই আসামিকে অব্যাহতি দেওয়াসংক্রান্ত আদেশ পাঠানো হয় কারাগারে। আদেশ পেয়ে কারা কর্তৃপক্ষ ৯ জানুয়ারি দুই আসামিকে মুক্তি দেয়।
১০ জানুয়ারি রিমান্ড শুনানির ধার্য দিনে দুই আসামি হাজির না হওয়ায় বিষয়টি জানাজানি হয়। আদালত দায়িত্বরত পুলিশ ও কারা কর্তৃপক্ষের কাছে কারণ ব্যাখ্যা চান। এ ঘটনায় চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের নির্দেশে আদালতে পুলিশের জিআর শাখায় দায়িত্ব পালন করা পতেঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুন ও কনস্টেবল বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ নিয়ে ১৩ জানুয়ারি ‘পুলিশের ভুলে কারাগার থেকে বেরিয়ে গেলেন দুই আসামি’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
আদালত সূত্র জানায়, জেল সুপার তাঁর ব্যাখ্যায় দাবি করেন, ৮ জানুয়ারি আদালত থেকে দুই আসামির ওয়ারেন্ট অব ডিসচার্জ (মুক্তির আদেশ) পাঠানো হয়। এ কারণে দুই আসামিকে মুক্তি দেওয়া হয়। আর বোরহান তাঁর ব্যাখ্যায় উল্লেখ করেন, পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) বা হাজিরা পরোয়ানার পরিবর্তে ভুলে ওয়ারেন্ট অব ডিসচার্জ ফরমে ম্যাজিস্ট্রেটের সই গ্রহণ করা হয়। তবে ফরমের নিচে স্পষ্ট লেখা ছিল, ১০ জানুয়ারি দুই আসামিকে হাজির করা হোক। ওই দিন দুই আসামিকে হাজির না করায় পুলিশের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাওয়া হয়। কারারক্ষী মনির হোসেন ফরমের মূলকপি না দিয়ে ফটোকপি পাঠান। এতে ফরমের নিচের অংশে থাকা লেখাটি (হাজির করার নির্দেশ) গোপন করা হয়।
এ বিষয়ে আদালত আদেশে উল্লেখ করেন, ফরমটি যদিও ওয়ারেন্ট অব ডিসচার্জ ছিল, কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল ‘উক্ত আসামিদ্বয়কে আগামী ১০ জানুয়ারি অত্র আদালতে হাজির করার জন্য নির্দেশ প্রদান করা হল।’
আদালতের আদেশ পাওয়ার কথা জানিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল কবির চৌধুরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দুই আসামিকে মুক্তির জন্য ডিসচার্জ ওয়ারেন্ট আদালত থেকে পাঠানো হলেও নিচে ১০ জানুয়ারি হাজির করার নির্দেশ ছিল। কিন্তু আসামিদের মুক্তির কাগজপত্র যাচাই করা সংশ্লিষ্ট কারা কর্মকর্তারা কেন এই ভুল করেছেন, তা তদন্ত করা হচ্ছে। দু-এক দিনের মধ্যে আদালতের আদেশের লিখিত জবাব দেবেন বলে জানান জেল সুপার।